বিনোদন ডেস্ক: অঞ্জন দত্তের প্রযোজনায় এবং নীল দত্তের পরিচালনায় স্বাধীন বাংলা ছবি ‘বিয়ে ফিয়ে নিয়ে’ আগামী ৪ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পেতে চলেছে। সম্প্রতি অঞ্জন দত্তের বাসভবনে এক ঘরোয়া ও মিউজিক্যাল আড্ডার মাধ্যমে ছবিটির ট্রেলার লঞ্চ করা হয়। দীর্ঘ ৪৫ বছরের অভিনয় ও পরিচালনার কেরিয়ারে এই প্রথমবার বড় পর্দায় পুরোপুরি প্রযোজকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন ৭৩ বছর বয়সি অঞ্জন দত্ত, যা টলিউডে একটি বড় চমক। নীল দত্তের প্রথম পরিচালিত এই সিনেমাটি ইতিমধ্যেই আন্তর্জাতিক মঞ্চে সাড়া ফেলেছে। প্যারিসের বিখ্যাত ‘Gange Sur Seine’ ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটির প্রিমিয়ার হয় এবং সেখানে এটি ‘স্পেশ্যাল জুরি অ্যাওয়ার্ড’ লাভ করে। এ ছাড়াও গোয়ায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া (IFFI)-এর ‘ইন্ডিয়ান প্যানোরামা: নিউ হরাইজনস’ বিভাগেও ছবিটি নির্বাচিত হয়েছিল।
ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে অঞ্জন দত্ত তাঁর ছেলে নীল দত্ত এবং পুরো টিমকে নিয়ে অত্যন্ত উচ্ছ্বাস প্রকাশ করেন। ছেলের প্রথম ছবি এবং নিজের নতুন ভূমিকা নিয়ে অঞ্জন দত্ত ভাগ করে নিয়েছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা, যার মূল বিষয় ভূমিকা বদল বা ‘রোল রিভার্সাল’। অঞ্জন দত্ত জানান, সাধারণত তাঁর পরিচালনায় নীল দত্ত সংগীত পরিচালনার দায়িত্ব সামলান। কিন্তু এবার পুরো বিষয়টি উল্টো। নীল নিজেই পরিচালক এবং অঞ্জন দত্ত এখানে একজন শৃঙ্খলাবদ্ধ প্রযোজক। তিনি মজা করে বলেন, শুটিং বা কাজের ক্ষেত্রে তিনি নীলের স্বাধীনতায় কোনও হস্তক্ষেপ করেননি। বরং একজন পেশাদার প্রযোজক হিসেবে পাশে থেকেছেন।
দীর্ঘ কেরিয়ারের অভিজ্ঞতা থেকে অঞ্জন দত্ত খুব ভালো করেই বোঝেন, স্বাধীন ছবির বাজেট ও পরিধি কতটা হওয়া উচিত। ছেলের প্রথম কাজ নিয়ে তাঁর গর্বের শেষ নেই। তবে শুধু প্রযোজনাই নয়, ছেলের এই প্রথম ছবির গানের কথাও লিখেছেন অঞ্জন দত্ত। একটি গানে নিজেই সুরারোপ করেছেন এবং কণ্ঠও দিয়েছেন। অঞ্জন দত্ত স্পষ্ট করে দিয়েছেন, এটি একটি নিখাদ স্বাধীন চলচ্চিত্র বা ইন্ডিপেন্ডেন্ট সিনেমা, যা মূলত কয়েকজন বন্ধুর পাগলামি, বন্ধুত্ব এবং সৃজনশীল স্বাধীনতার ফসল। টলিউডের চেনা ছকের বাইরে গিয়ে নতুন প্রজন্মের হাত ধরে এই কাজ করতে পেরে তিনি দারুণ আনন্দিত।
সংগীতশিল্পী থেকে চলচ্চিত্র পরিচালনায় পা রাখা নীল দত্তের এই ছবিতে বিবাহপ্রথা এবং তাকে ঘিরে থাকা সামাজিক দৃষ্টিভঙ্গিকে একটু অন্যভাবে ও মজার ছলে তুলে ধরা হয়েছে। নীল দত্ত জানান, তাঁর নিজের বিয়ে খুব একটা ধুমধাম করে হয়নি। তবে ‘বিবাহ’ নামক এই প্রথা এবং তাকে ঘিরে থাকা সামাজিক জটিলতা ও রসায়নকেই সিনেমাটিতে তুলে ধরা হয়েছে। ছবিতে শাওন চক্রবর্তী, অনুশা বিশ্বনাথন, শ্রীময়ী ঘোষ, অনিরুদ্ধ গুপ্ত এবং আলকারিয়া হাশমির মতো পরিচিত ও নতুন একঝাঁক মুখকে দেখা যাবে। শুধু অভিনেতারাই নন, এই ছবির ক্যামেরা থেকে চিত্রনাট্য—সব বিভাগেই রয়েছেন নতুন প্রতিভারা। ছবির চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন উষ্ণক বসু, নীল দত্ত, শাওন চক্রবর্তী ও অর্ণব ঘোষ। সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলেছেন অরিত্র চৌধুরী।
শীতের শুরুতে, আগামী ৪ ডিসেম্বর একরাশ ভালো গান এবং বন্ধুত্বের গল্প নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হচ্ছে ‘বিয়ে ফিয়ে নিয়ে’।




