নিউজ ডেস্ক: সৌদি আরবের রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১০ অক্টোবরের হামলায় গুরুতর আহত আরও এক ভারতীয় নাগরিকের মৃত্যু হল। বুধবার সৌদি আরবে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে এই খবর জানানো হয়েছে। হামলার পর থেকে ওই ভারতীয় নাগরিকের অবস্থা আশঙ্কাজনক ছিল। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এক বিবৃতিতে ভারতীয় দূতাবাস জানিয়েছে, ‘ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, রিয়াধ বিমানবন্দরে ১০ অক্টোবরের হামলায় গুরুতর আহত আরও এক ভারতীয় নাগরিকের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।’
উল্লেখ্য, গত ১০ অক্টোবর রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন আরও বেশ কয়েক জন। মৃত প্রথম ভারতীয় নাগরিকের নাম মহম্মদ ইউসুফ আলি। ১২ অক্টোবর রিয়াধেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
এবার ওই ঘটনায় আহত দ্বিতীয় ভারতীয় নাগরিকেরও মৃত্যু হল। ফলে হামলায় প্রাণ হারানো ভারতীয়ের সংখ্যা বেড়ে দাঁড়াল দু'জনে। ঘটনায় আহত অন্যদের শারীরিক অবস্থা সম্পর্কে দূতাবাসের তরফে নতুন করে কোনও তথ্য জানানো হয়নি।




