নিজের বাড়িতেই ধর্ষণ ও খুন! ১৫ বছরের কিশোরীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধারকে কেন্দ্র উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে অসমের হাইলাকান্দি জেলার কাটলিছেরা থানা এলাকায়। কিশোরীর এতটাই নির্মম অত্যাচার করা হয়েছে যে,
তার দেহ দেখে প্রথমে চিনতেই পারেনি পরিবার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে মেয়েটি তার পরিবারের সদস্যদের সঙ্গে পাশেই এক আত্মীয়ের বাড়িতে একটি অনুষ্ঠানে গিয়েছিল। সেখানে এক আত্মীয়ের সঙ্গে বচসা হওয়ায় সে একাই বাড়ি ফিরে আসে। এরপর রাত ১১টা নাগাদ পরিবারের লোকেরা ঘরে ফিরে কিশোরীর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। পরিবারের অভিযোগ, খুনের আগে কিশোরীকে ধর্ষণ করা হয়েছে।
এরপর খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অভিযোগ, কিশোরীর যৌনাঙ্গে রড ঢোকানো হয়েছিল। মাথা ভারী কিছুর আঘাতে থেঁতলে দেওয়া হয়েছিল। সেই অবস্থাতেই দেহ পড়েছিল ঘরের ভিতর। দেহ দেখে তাকে চেনার উপায় ছিল না। খবর জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা।
দোষীদের দ্রুত গ্রেফতারি এবং শাস্তির দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভও দেখানো হয়। ইতিমধ্যে পরিবারের পক্ষ থেকে যৌন নির্যাতনের অভিযোগ তোলা হয়েছে। এই ঘটনায় ৫ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর।