কলকাতা, পিউ নন্দী: সম্প্রতি কলকাতা নিউ মার্কেট এলাকায় ঘটে গেছে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। ঘটনায় পাঁচজন বাংলাদেশী নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তবে এবার এই ঘটনায় বাংলাদেশী নাগরিকদের জরুরি সহায়তা এবং নিহত , আহত দের আত্মীয় পরিজনদের সঙ্গে যোগাযোগের সুবিধার্থে ২৪ ঘন্টা হেল্পলাইন চালু করা হয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশনের পক্ষ থেকে।
বুধবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ উপহাইকমিশনের তরফ থেকে জানানো হয়েছে, এই অগ্নিকাণ্ডে যে সমস্ত বাংলাদেশি নাগরিকদের ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তাদের জরুরী পরিষেবা দিতে এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতেই চালু করা হয়েছে এই হেল্পলাইন নম্বর। যেকোনো প্রয়োজনে বাংলাদেশ উপাই কমিশনের দ্বিতীয় সচিব মোঃ ওমর ফারুক আকন্দের সঙ্গে যোগাযোগ করা যাবে, +৯১ ৮২৭৪ ৮২১৩ ৫২ নম্বরে এছাড়াও দুটি whatsapp নাম্বার প্রদান করা হয়েছে। +৮৮০১৭১৭২৯১২৬৬ এবং +৯১৯৯০৩৪২৬১১৯
এদিকে নিউমার্কেটের অগ্নিকাণ্ডে মোট ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। যার মধ্যে ৫ বাংলাদেশী নাগরিক আছেন বলে স্থানীয় পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে।বাংলাদেশের উপহাইকমিশনের পক্ষ থেকে ইতিমধ্যেই নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, বাকি নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি স্থানীয় পুলিশের পক্ষ থেকে।
একই সঙ্গে এই ঘটনায় আহত ৬ বাংলাদেশী নাগরিককে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে হয়েছিল। অবস্থার উন্নতি হলে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তাদের। তবে এই ঘটনায় বাংলাদেশী নাগরিকদের পরিস্থিতি নিয়ে এবং তাদের সহায়তা প্রদানের ব্যাপারে নজর রাখছে বাংলাদেশ উপহাইকমিশন।