দীর্ঘ অপেক্ষার পর অবশেষে যাত্রীদের জন্য স্বস্তি। আমঘাটা-কৃষ্ণনগর রেলপথে বাড়লো ট্রেনের সংখ্যা। দীর্ঘদিন থেকে এই রুটের নিত্যযাত্রীদের দাবি ছিল ট্রেন বাড়ানোর। অবশেষে সেই দাবি পূরণ হলো। ব্রডগেজে রূপান্তরের পর থেকেই পর্যাপ্ত ট্রেনের অভাবে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হত যাত্রীদের। বারংবার অভিযোগ আসতো। সেই সমস্যার সমাধানে বড় পদক্ষেপ গ্ৰহন করল পূর্ব রেল। ৩ রা অগাস্ট থেকে এই শাখায় লোকাল ট্রেনের সংখ্যা বেড়ে হল ৬ জোড়া, ফলে যাতায়াতে মিলল বড় স্বস্তি।
সোমবার থেকেই চালু হয়েছে আরো এক জোড়া নতুন লোকাল ট্রেন। আপাতত পরীক্ষামূলকভাবে ৩ অগাস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই ট্রেন পরিষেবা চালু থাকবে বলে রেলের তরফ থেকে জানানো হয়েছে। পরবর্তীতে নতুন সময়সূচী অনুসারে সকাল ৬ টা ৫০ মিনিটের রানাঘাট-কৃষ্ণনগর লোকাল এবার আমঘাটা পর্যন্ত গিয়ে আবার ফিরবে। এই ট্রেন পরিষেবা চালু হওয়ার ফলে স্কুল-কলেজের পড়ুয়া, কর্মজীবী মানুষ এবং শান্তিপুরের কাপড় ব্যবসায়ীদের যাতায়াত আরো সহজ হবে বলে মনে করা হচ্ছে।
বর্তমানে আমঘাটা থেকে প্রথম ট্রেন ছাড়ে ভোর ৫ টা ৪৩ মিনিটে এবং শেষ লোকাল রাত ১০ টা ৪০ মিনিটে। অন্যদিকে কৃষ্ণনগর থেকে প্রথম ট্রেন পৌঁছয় ভোর ৫ টা ৩০ মিনিটে, আর শেষ ট্রেন আমঘাটায় ঢোকে রাত ১০ টা ৩০ মিনিটে।
নতুন পরিষেবা শুরু হওয়ার দিন থেকেই শান্তিপুর স্টেশনে একেবারে উৎসবের আবহাওয়া তৈরি হয়। ট্রেন চালক ও গার্ডকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নিত্যযাত্রীরা। সেই মুহূর্তে স্টেশনে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক এবং শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি।
বিধায়ক বলেন, ন্যারোগেজ থেকে ব্রডগেজে রূপান্তরের পর থেকেই এলাকার মানুষ দীর্ঘদিন দূরপাল্লার ট্রেন ও উন্নত রেল যোগাযোগের অপেক্ষায় ছিলেন। অমৃত ভারত প্রকল্পে এই স্টেশনের উন্নয়নের পাশাপাশি নতুন ট্রেন পরিষেবা দীর্ঘদিনের দাবি ছিল যাত্রীদের। সেই স্বপ্ন পূরণের পথেই একটি বড় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আগামী দিনে যাত্রী পরিষেবায় আরো সুখবর দেবেন তারা। যাত্রীদের যাতায়াত আরো মসৃণ হবে এর ফলে।
এই নয়া ট্রেন পরিষেবা আমঘাটা-কৃষ্ণনগর রেলপথে যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যোগাযোগ মাধ্যম আরো উন্নত হবে। ভবিষ্যতে এই রুটে আরো নতুন ট্রেন যুক্ত করার পরিকল্পনা রয়েছে রেলের।