উত্তরাখণ্ড, নিউজ ডেস্ক: একটি সাধারণ স্কুটারে চেপে ঠিক কতজন যাতায়াত করতে পারেন? বা আপনি সর্বোচ্চ কতজনকে দেখেছেন একটি স্কুটটিতে চাপতে ? প্রতিনিয়ত প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে যাতে বাইক বা স্কুটিতে সর্বোচ্চ দুজনের বেশি যাতায়াত না করা হয়। তাও অনেক সময়তেই নিয়ম ভেঙ্গে দেখা যায় তিনজন যাতায়াত করতে। প্রশাসনের নজরে এলে নেওয়া হয় প্রয়োজনীয় ব্যবস্থাও।
নিয়ম অনুযায়ী চালক সহ সর্বোচ্চ দু’জন যাতায়াত করতে পারেন একটি দুই চাকার গাড়িতে। কিন্তু সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে খোদ পাহাড়ি রাস্তায় একটি স্কুটারে যা দেখা গেল, তাতে তাজ্জব বনে গেছেন পথচলতি মানুষ থেকে শুরু করে নেটিজেনরা। যাত্রীর সংখ্যা এতই বেশি যে তাকে অনায়াসেই হার মানাতে পারে কোনো ৬ আসনের যাত্রীবাহী গাড়ি! আর এই ভিডিও মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজের মাধ্যমে। কেন তাদের আটকানো হলো না ? পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।
সম্প্রতি উত্তরাখণ্ডের নৈনিতাল-হলদোয়ানি জাতীয় সড়কে ক্যামেরাবন্দি হওয়া এমনই এক বিপজ্জনক যাত্রার দৃশ্য এখন সমাজমাধ্যমে তুমুল ভাইরাল।
দেখুন: https://x.com/askbhupi/status/2101115331200831922?s=20
জানা গেছে, ঘটনাটি ঘটেছে ভুজিয়া ঘাট থেকে কাঠগোদাম যাওয়ার রাস্তায়। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি সাধারণ স্কুটারকে ‘বাহুবলী’ স্কুটারে পরিণত করা হয়েছে। কেন 'বাহুবলী' স্কুটি বলছি জানেন? কারণ শুধু যে স্কুটারের প্রতিটি ইঞ্চি মানুষে ঠাসা তাই নয়, তার সঙ্গে বাঁধা রয়েছে পাহাড়প্রমাণ মালপত্রও।
চালক থেকে শুরু করে পেছনের সওয়ারি প্রত্যেকেই কার্যত জীবনের ঝুঁকি নিয়ে কোনোমতে বসে রয়েছেন। দৃশ্যটি দেখে প্রত্যক্ষদর্শীদের চোখ কপালে ওঠার জোগাড় হয়। ঠিক কতজন ওই স্কুটারে সওয়ার ছিলেন, তা এক ঝলকে গুনে বলাও কঠিন হয়ে দাঁড়িয়েছে।
সামাজিক মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়তেই, কেউ কেউ মজা করে এটিকে ‘সুপার-স্কুটার’ বলছেন আবার অনেকেই বিষয়টি নিয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন। প্রশ্ন তুলছেন তারা পথ নিরাপত্তা নিয়ে। শুধুমাত্র স্কুটিতে সবার যাত্রীরাই নয় এই ধরনের বিপদজনক যাতায়াতের ফলে সমস্যায় পড়তে পারেন পথ চলতি সাধারণ মানুষও। যে কোন সময় ঘটতে পারে বিপত্তি।