নিউ ইয়র্ক,নিউজ ডেস্ক: নিউ ইয়র্ক সিটিতে 'রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ'(আরএসএস)-র প্রধান মোহন ভাগবতের অংশগ্রহণে আয়োজিত একটি অনুষ্ঠানে ঘটে গেলো বিতর্ক ! উদ্যোক্তা সংগঠনটি, 'আমেরিকান হিন্দুস ফর এনগেজমেন্ট অ্যান্ড ডায়ালগ' (AHEAD)-র সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স' অ্যাকাউন্টটি বন্ধ করা হল। বর্তমানে ওই অ্যাকাউন্টটি 'উপলব্ধ নয়' দেখাচ্ছে।
সংগঠনটি এক বিবৃতিতে জানায় 'অ্যাকাউন্ট স্থগিতের ঘটনাটি ভুলবশত ঘটে থাকতে পারে। আমরা নিশ্চিত যে, এক্স-র নীতিমালা মেনেই আমাদের যোগাযোগ কার্যক্রম সর্বদা বিশ্বশান্তি, একাত্মবোধ, সম্প্রীতি এবং গঠনমূলক আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপের বার্তা প্রচার করেছে।' নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি আরএসএস বা এই অনুষ্ঠানকে সমর্থন জানাননি। তবে 'এই অনুষ্ঠান বাতিলের বিষয়ে শহরের কোনো এক্তিয়ার নেই।' এই মন্তব্যও করেছিলেন। সেই মন্তব্যের ঠিক ২৪ঘণ্টা পরেই এই ঘটনাটি ঘটল।
আগামী ২৯শে আগস্ট ম্যাডিসন স্কয়ার গার্ডেনে এই সমাবেশটি অনুষ্ঠিত হওয়ার কথা। মোহন ভাগবত এই সপ্তাহে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনের 'ইনফোসিস থিয়েটার' আয়োজিত ‘ইউনিভার্সাল ওয়াননেস সেলিব্রেশন’র প্রধান বক্তা হিসেবে অংশ নেবেন।এই মুহূর্তে মোহন ভাগবত যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্য; এই তিন দেশে জনসংযোগ করবেন। এই মুহূর্তে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
আজই যুক্তরাষ্ট্রের কংগ্রেসের গঠিত ধর্মীয় স্বাধীনতা বিষয়ক একটি উপদেষ্টা সংস্থা ট্রাম্প প্রশাসনের কাছে আরএসএস (RSS) প্রধান মোহন ভাগবতের ভিসা বাতিল করার আহ্বান জানিয়েছে; উল্লেখ্য, ভাগবত বর্তমানে যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন।ইউএসসিআইআরএফ (USCIRF) ভাগবতের এই সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং অভিযোগ করেছে যে আরএসএস-এর বিভিন্ন শাখা সংগঠন 'ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সহিংস হামলা চালিয়েছে।' ভারত ইউএসসিআইআরএফ-র এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং সংস্থাটিকে বিশ্বাসযোগ্যতাহীন ও পক্ষপাতদুষ্ট বলেছে।
'এটি একটি পক্ষপাতদুষ্ট সংস্থা। আমি বলব যে আমাদের এমন সব সংস্থা থেকে দূরে থাকা উচিত, কারণ তাদের নিজস্ব উদ্দেশ্য বা এজেন্ডা রয়েছে এবং তাদের কোনো বিশ্বাসযোগ্যতা নেই। আমরা আশা করি না যে ইউএসসিআইআরএফ (USCIRF) ভারতের বহুত্ববাদী কাঠামোর বাস্তবতাকে বিবেচনায় নেবে কিংবা এর বৈচিত্র্যময় জনগোষ্ঠীর মধ্যে বিদ্যমান সম্প্রীতিপূর্ণ সহাবস্থানকে স্বীকার করবে।' সম্প্রতি একথা বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।