দার্জিলিং, নিউজ ডেস্ক : পর্যটনে আসছে নতুন গতি। উত্তরবঙ্গের পর্যটনকে ঢেলে সাজাতে তৎপর রাজ্য সরকার। পাহাড়ের বুক চিরে ছুটবে ঐতিহ্যের রেলগাড়ি। দার্জিলিংয়ের পর্যটনে নতুন আকর্ষণ যোগ করতে এবার কার্শিয়াং থেকে মহানদী পর্যন্ত জয় রাইড পরিষেবা চালু করল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (DHR)। প্রথম যাত্রাতেই পাহাড়ি রেলপথে চড়ার আনন্দে মাতল স্কুলপড়ুয়ারা।
ডিএইচআরের এই নতুন উদ্যোগে থাকছে দুটি জয় রাইড স্টিম ইঞ্জিন চালিত ‘রেড পান্ডা’ এবং ডিজেল ইঞ্জিন চালিত ‘মুক্তধারা’। নির্ধারিত সূচি অনুযায়ী, সকালে পাহাড়ের পথে ছুটবে স্টিম ইঞ্জিনের রেড পান্ডা, আর সন্ধ্যায় যাত্রীদের নিয়ে যাত্রা করবে ডিজেল চালিত মুক্তধারা। রেল কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, মরশুমের পাশাপাশি অফ-সিজনেও প্রতিদিন এই পরিষেবা চালু রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
এতদিন দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত জয় রাইড পর্যটকদের কাছে অন্যতম প্রধান আকর্ষণ ছিল। বিশেষ করে পর্যটনের মরশুমে জয় রাইডের বিপুল চাহিদা থাকে। সেই চাপ সামলানোর পাশাপাশি কার্শিয়াং ও সংলগ্ন এলাকার পর্যটনকে আরও জনপ্রিয় করে তুলতেই নতুন এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে। দার্জিলিং-ঘুম জয় রাইডের সমতুল্য ভাড়ায় নতুন পরিষেবা উপভোগ করতে পারবেন যাত্রীরা। তাতেই খুশির হাওয়া সর্বত্র।
তবে উদ্বোধনের দিনেই এই যাত্রার বিশেষ আকর্ষণ ছিল স্কুলপড়ুয়ারা। প্রথম দিনের পরিষেবায় পড়ুয়াদের বিনামূল্যে রেলভ্রমণের সুযোগ দেওয়া হয়। খুশিতে মেতে ওঠে পড়ুয়ারা।
উল্লেখ্য, গত বছরও কার্শিয়াং থেকে রেড পান্ডা পরিষেবা চালু হয়েছিল। কিন্তু কিছু সমস্যার কারণে তা বন্ধ হয়ে যায়। এবার নতুন উদ্যোগে আবারও সেই স্টিম ইঞ্জিন পরিষেবা চালুর পাশাপাশি ডিজেল জয় রাইডও যুক্ত করা হয়েছে। আর তাতেই আনন্দিত পর্যটকদের। ঐতিহ্যের এই রাইডকে নতুন মাত্রা দেওয়ায় পর্যটকদের মধ্যেও খুশির সঞ্চার হয়েছে। দার্জিলিং এর পর্যটনের আকর্ষণ আরো দ্বিগুণ হয়েছে সকলের মধ্যে।