হুগলি, নিউজ ডেস্ক: একটি মোবাইল নম্বর, তারপর একের পর এক তথ্য। কোথাও লটারিতে পুরস্কার জেতার দাবি, কোথাও আবার সেই পুরস্কারের টাকা পেতে প্রয়োজনীয় নথি। সবকিছুই দেখতে আসল অথচ তদন্তে পুলিশের হাতে উঠে এল এক অন্য ছবি। প্রযুক্তিকে হাতিয়ার করে তৈরি হচ্ছিল এমন কিছু নকল তথ্য ও নথি, যা দেখে সাধারণ মানুষকে ধাপে ধাপে ফাঁদে ফেলার অভিযোগ। শেষ পর্যন্ত সেই চক্রের সন্ধান মিলল হুগলির ডানকুনিতে।
অনলাইন লটারির বিজ্ঞাপনকে হাতিয়ার করে সাইবার প্রতারণার অভিযোগে বিহারের পাঁচ যুবককে গ্রেফতার করলো চন্দননগর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম থানার পুলিশ। ডানকুনির সূর্যসেন নগরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। ধৃতদের বাড়ি বিহারের নালন্দা, গয়া এবং শেখপুরা এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তদন্তে পুলিশের দাবি, ফেসবুকই প্রতারণার টোপ হিসেবে ব্যবহার করা হয়েছে। অভিযুক্তরা সেখানে অনলাইন লটারিতে বিভিন্ন বিজ্ঞাপন দিত। সেই বিজ্ঞাপন দেখে কেউ যোগাযোগ করলে শুরু হয়ে যেত পরবর্তী প্রক্রিয়া। যোগাযোগকারী ব্যক্তির মোবাইল নম্বরসহ নানা তথ্য সংগ্রহ করে তৈরি করা হত ডেটাবেস। এরপর সেই তথ্যকেই কাজে লাগিয়ে তৈরি করা হত প্রতারণার পরবর্তী জাল।
অভিযোগ উঠেছে, পুরস্কারের টাকা কবে এবং কিভাবে পাওয়া যাবে, তা জানতে চাইলে গ্রাহককে এআইয়ের সাহায্যে তৈরি বিভিন্ন নকল তথ্য দেখানো হত। কখনও আয়কর, কখনও জিএসটি, আবার কখনও অন্য কোনও প্রশাসনিক কারণ দেখিয়ে টাকা দাবি করা হত। এভাবেই বিভিন্ন মানুষের কাছ থেকে প্রতারণার সাহায্যে টাকা আদায় করা হত। চন্দননগর পুলিশের ডিসি ডিডি রূপান্ত সেনগুপ্ত জানান, সাইবার অপরাধ বন্ধ করতে চিহ্নিত হটস্পট এলাকায় বিশেষ অভিযান চলছে। NCRP পোর্টালে অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করা হয়। সেই তদন্তের সূত্র ধরেই ডানকুনির এই প্রতারণা চক্রের সন্ধান মিলে। পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এই পাঁচজনকে নিয়ে এখনও পর্যন্ত মোট কুড়িজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রে খবর, এই ডানকুনিতেই প্রায় ৪ লক্ষ ৩৬ হাজার টাকার প্রতারণার সূত্র পাওয়া গিয়েছে। অভিযুক্তদের কাছ থেকে ১টি ল্যাপটপ ২০টি মোবাইল ফোন ২২ টি সিম কার্ড ২৩ টি ডেবিট কার্ড এবং ১টি পাসবই উদ্ধার করা হয়েছে। পাশাপাশি, এআইএর সাহায্যে তৈরি একাধিক নকল তথ্য-নথি পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে খবর। এই চক্রটির সঙ্গে আরও কেউ যুক্ত কি না, বিহারের অ্যাকাউন্টগুলিতে টাকা লেনদেনের সম্পূর্ণ নেটওয়ার্ক কি, এখন সেদিকেই নজর তদন্তকারীদের।




