পশ্চিম মেদিনীপুর, নিউজ ডেস্ক: টানা ভারী বর্ষণ আর দমকা ঝোড়ো হাওয়ার দাপটে হুড়মুড়িয়ে ধসে পড়ল একটি দোতলা পাকা বাড়ি। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে চোখের সামনে পুরো বাড়িটি তাসের ঘরের মতো ভেঙে পড়ার এক হাড়হিম করা দৃশ্য সামনে এল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়।
প্রকৃতির রুদ্ররূপের সামনে কংক্রিটের কাঠামো কীভাবে ধূলিসাৎ হয়ে গেল, সেই দৃশ্য মোবাইল ক্যামেরায় বন্দি হতেই সামাজিক মাধ্যমে তা দ্রুত ছড়িয়ে পড়েছে। ঘটনায় গোটা এলাকায় তীব্র আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
https://x.com/JournoShabana/status/2102726034944839823?s=20
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই পশ্চিম মেদিনীপুর জেলার বিস্তীর্ণ অংশে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। একনাগাড়ে মুষলধারে বৃষ্টির কারণে ভিজে নরম হয়ে পড়েছিল মাটির ভিত। তার ওপর দোসর হয় একটানা ঝোড়ো বাতাস। চন্দ্রকোনা এলাকায় অবস্থিত ওই পাকা বাড়িটির ভিত বৃষ্টির কারনে সম্ভবত আলগা হয়ে গিয়েছিল।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনার আগে থেকেই কাঠামোটিতে বিপজ্জনক ফাটল দেখা দিয়েছিল এবং দেওয়াল থেকে চাঙড় খসে পড়ার শব্দ পাওয়া যাচ্ছিল। বিপদ আঁচ করতে পেরে বাড়ির লোকজন আগেই বাইরে নিরাপদ দূরত্বে সরে যেতে পেরেছিলেন। তার ঠিক কয়েক মুহূর্তের মধ্যেই ঘটে চরম বিপর্যয়।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, বৃষ্টির মধ্যে হঠাৎই তীব্র শব্দ করে কেঁপে ওঠে পুরো বাড়িটি। তারপর এক মুহূর্তের মধ্যে দেওয়াল ও ছাদ ভেঙে মাটিতে আছড়ে পড়ে। চোখের পলকে এমন আস্ত একটি পাকা বাড়ি ভেঙে পড়তে দেখে আশপাশে দাঁড়িয়ে থাকা প্রত্যক্ষদর্শীদের মধ্যে তীব্র চিৎকার ও হুড়োহুড়ি পড়ে যায়।
সৌভাগ্যবশত, সময়মতো বাড়িটি খালি করে দেওয়ায় কোনো প্রাণহানি বা বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি বলেই প্রাথমিক সূত্রে খবর। তবে পরিবারের সর্বস্ব এমনভাবে মাটির সঙ্গে মিশে যাওয়ায় সর্বহারা হয়ে পড়েছেন গৃহকর্তা ও তাঁর পরিবার।
স্থানীয় প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখেছেন। এলাকার অন্যান্য দুর্বল ও বিপজ্জনক কাঠামোগুলির ওপর নজরদারি বাড়ানো হচ্ছে, যাতে লাগাতার দুর্যোগের মাঝে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।