নিউজ ডেস্ক: নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী মিলন প্রধানকে ঘিরে তৈরি হওয়া আইনি জটিলতায় বড় নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার মিলন প্রধানের জামিন মামলার শুনানি ছিল হাইকোর্টে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মন্তব্য করেন, 'মিলন প্রধানকে নির্বাচনের লড়তে দিন। বাকিটা মামলার ভাগ্যের ওপর নির্ভর করবে।' শুক্রবার বিকাল চারটেয় ফের জামিন মামলার শুনানি।
আপাতত নন্দীগ্রাম উপনির্বাচনের আগে সাময়িক স্বস্তিতে কংগ্রেস প্রার্থী। এদিন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, আগামী ১২ অক্টোবর পর্যন্ত কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে পুলিশ কোনও পদক্ষেপ করতে পারবে না। এমনকি নতুন মামলায় তাঁকে গ্রেফতার করা যাবে না। এরপরেই মিলনে জামিন মামলায় হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, 'কংগ্রেস প্রার্থী মিলন ভোটে লড়তে দিন। আমি অন্তর্বর্তী জামিন দিচ্ছি।'
গত ১৮ সেপ্টেম্বর পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থেকে গ্রেফতার করা হয় নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে। পুলিশ সূত্রে খবর, ২০০৭ সালের পুরোনো এক মামলায় গ্রেফতার করা হয় তাঁকে। ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে হলদিয়া মহকুমা আদালত। পুলিশের দাবি, উনিশ বছর ধরে পলাতক ছিলেন ধৃত কংগ্রেস নেতা। উপনির্বাচনের আগে এই গ্রেফতারি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। গ্রেফতারির পর আরও একটি মামলায় তাঁকে শোন অ্যারেস্ট দেখানো হয়। বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন।
এদিকে মিলন প্রধানের স্ত্রী অর্পিতা প্রধান বলেন, 'আমার স্বামী ছাত্রাবস্থা থেকেই কংগ্রেস করেন। তাঁর অনেক বন্ধুই দল ছেড়ে অন্য দলে গেলেও তিনি ভালবেসে কংগ্রেসেই রয়ে গিয়েছেন। তাই দল তাঁকে নন্দীগ্রামে প্রার্থী করেছে। ২০০৭ সাল। কবেকার ঘটনা, ভূমি উচ্ছেদের আন্দোলনের কথা। নন্দীগ্রামের ছেলে, আন্দোলন করেছিলেন। সেই পুরোনো ঘটনায় ফাঁসানো হয়েছে।'
বুধবার মিলন প্রধানকে কাঁথি আদালতে হাজির করানো হলে বিচারক তাঁকে ৭ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। পাশাপাশি নন্দীগ্রাম থানার একটি মামলায় মিলনকে ৫ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে হলদিয়া আদালত। বাকি কিছু মামলা প্রত্যাহার করা হয়েছে বলে কলকাতা হাইকোর্টে জানিয়েছে রাজ্য সরকার।
আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম উপনির্বাচন। নন্দীগ্রাম বরাবরই রাজ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ কেন্দ্র। দিন যত এগোচ্ছে ভোট নিয়ে উত্তেজনা ততই বাড়ছে। ফলে ভোটের আগে মিলন প্রধানের গ্রেফতারি এবং তাঁর প্রার্থী থাকা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল।