কলকাতা, নিউজ ডেস্ক: সকাল থেকেই আকাশের মুখ ভার। কোথাও মেঘ জমে শুরু হয়েছে বৃষ্টি আবার কোথাও ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত। শহর থেকে জেলা আবহাওয়ার এই বদলের কারণে অস্বস্তি বাড়ছে সাধারণ মানুষের। টানা বৃষ্টির ফলে জলমগ্ন শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়েছে সব জায়গাতেই।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে দেখা গিয়েছে। একই সঙ্গে বজ্রবিদ্যুৎ ও দমকা হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। শুক্রবারও বৃষ্টির দাপট থাকবে বলে পূর্বাভাস মিলেছে হাওয়া অফিসের পক্ষ থেকে। তবে, শনিবার থেকে পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিশেষ নজরে রয়েছে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম। এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
কলকাতাতেও বৃষ্টির সতর্কতা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, শহরে মেঘলা আকাশ সহ কয়েক দফায় বৃষ্টি বা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে I ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার থেকে ঝড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনার কথাও জানানো হয়েছে।
উত্তরবঙ্গেও স্বস্তি নেই। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ও ভারী বৃষ্টি হতে পারে। শিলিগুড়িতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি বজ্রবিদ্যুৎ ও ঝড়ো হাওয়ার সর্তকতা রয়েছে।
IMD এর ২৪ সেপ্টেম্বর উপবিভাগ ভিত্তিক সতর্কতা অনুযায়ী, দক্ষিণবঙ্গে ২৪ সেপ্টেম্বর অতিভারই বৃষ্টি এবং ২৫ সেপ্টেম্বর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৬ সেপ্টেম্বর থেকে ওই সর্তকতা তুলে নেওয়ার কথা জানানো হয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য ও সংলগ্ন এলাকাতেও ২৪ ও ২৫ সেপ্টেম্বর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে বৃষ্টি ও ঝড়ো হওয়ার মধ্যে প্রয়োজন ছাড়া বাইরে বেরোনোর ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে জলমগ্ন এলাকা ও দুর্বল পরিকাঠামোর আশেপাশে বাড়তি সতর্কতা প্রয়োজন।