সুন্দরবন, নিউজ ডেস্ক: সকাল থেকেই বদলে গেল চেনা উপকূলের ছবি। আকাশ জুড়ে ঘন কালো মেঘ, আর তার সঙ্গে আচমকারী নেমে এলো ভারী বৃষ্টি। নদীর পাড় থেকে জনবহুল এলাকা সব জায়গাতেই তৈরি হলো এক আতঙ্কের পরিবেশ। তবে, আতঙ্কের কারণ এখনও সরাসরি কোনও ঝড় নয়। আবহাওয়ার এই বদলকে ঘিরে সুন্দরবন জুড়ে সতর্কতামূলক তৎপরতা শুরু করেছে প্রশাসন।
পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী এলাকায় অর্ণবের প্রভাব পড়তে শুরু করেছে। সরাসরি ঝড়ের দেখা না মিললেও সকাল থেকেই আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে। কোথাও কোথাও শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় বৃষ্টি এবং দমকা হাওয়ার দাপট বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া দপ্তরের সতর্কতার পর সুন্দরবনের বিভিন্ন এলাকায় বাড়ানো হয়েছে প্রশাসনের নজরদারি। বিশেষ করে নদীঘাট ও গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে প্রশাসনের পক্ষ থেকে চলছে মাইকিং। মৈপীঠ কোস্টাল থানার পুলিশের পক্ষ থেকেও নদীঘাট সংলগ্ন এলাকায় মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে।
শুধু সুন্দরবনের প্রত্যন্ত এলাকা নয় ক্যানিং বাসস্ট্যান্ড এলাকাতেও রাত থেকে সকাল পর্যন্ত মাইকিং চালানো হয়েছে।গঙ্গাসাগর-সহ সমুদ্র উপকূলবর্তী বিভিন্ন এলাকায়ও শুরু হয়েছে সতর্কতামূলক প্রচার। প্রশাসনের তরফ থেকে সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে। তবে, আবহাওয়ার পরিবর্তনের কথা মাথায় রেখে সকলকে সতর্কিত থাকতে বলা হচ্ছে। বিশেষ করে নদী ও সমুদ্রপথে যাতায়াতকারীদের বাড়তি সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
একইসঙ্গে, নিম্নচাপের প্রভাবে নদীপথে দমকা হাওয়া ও বৃষ্টির পরিমাণ বাড়লে ফেরি পরিষেবাতেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতির উপর প্রশাসনের পক্ষ থেকে লাগাতার নজরদারি চালানো হচ্ছে। মৎস্যজীবী ও নদীপথে যাতায়াতকারীদের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আপাতত সরাসরি ঝড়ের দেখা না মিললেও অর্ণবের প্রভাবে উপকূলবর্তী অঞ্চলে যে আবহাওয়ার চরিত্র বদলেছে, তাতে সুন্দরবন জুড়ে বাড়ানো হয়েছে সতর্কতা।