কেয়া মণ্ডল: ভাই-বোনের ভালোবাসা ও স্নেহের বন্ধন উদযাপনের অন্যতম বিশেষ দিন রাখিবন্ধন। হাতে রাখি বাঁধা,কপালে তিলক দেওয়া এবং একে অপরকে উপহার দেওয়ার পাশাপাশি এই উৎসবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে মিষ্টিমুখ। উৎসবের দিনে বাড়ির তৈরি কিংবা দোকান থেকে আনা নানা ধরনের মিষ্টি দিয়েই প্রিয়জনদের আপ্যায়ন করা হয়। রাখির আনন্দ আরও বাড়াতে পাতে রাখতে পারেন সাতটি জনপ্রিয় মিষ্টি ও পদ রয়েছে।
১) নারকেলের লাড্ডু, নারকেল, দুধ ও এলাচের সংমিশ্রণে তৈরি এই মিষ্টি স্বাদে যেমন মন ভরায়, তেমনই বাড়িতেও সহজে তৈরি করা যায়।
২) ক্ষীর, পায়েস ও হালুয়া উৎসবের মেনুতে বরাবরই জনপ্রিয়। চালের খির, সেমাইয়ের খির কিংবা বিভিন্ন ধরনের হালুয়া দিয়ে পরিবারের সদস্যদের আপ্যায়ন করা যেতে পারে।
৩) ময়দার আবরণে ক্ষীর, শুকনো ফল ও বাদামের পুর দিয়ে তৈরি গুজিয়া উৎসবের দিনে বেশ জনপ্রিয়। ভেজে তৈরি করার ফলে বাইরের অংশ হয় মুচমুচে, আর ভিতরের পুরে থাকে মিষ্টি স্বাদ।
৪) মতিচুরের লাড্ডুও রাখির মেনুতে রাখতে পারেন। বেসন, চিনি ও নানা উপকরণে তৈরি নরম এই লাড্ডু মুখে দিলেই গলে যায়। ছোট-বড় সকলের কাছেই এটি বেশ পছন্দের।
৫) বাঙালির মিষ্টির তালিকায় সন্দেশ না থাকলে উৎসবের আয়োজন যেন অসম্পূর্ণ। ছানা ও চিনি দিয়ে তৈরি এই মিষ্টি নানা আকারে ও স্বাদে পাওয়া যায়।
৬) বেসনের লাড্ডুও রাখতে পারেন মিষ্টির তালিকায়। বেসন, ঘি ও গুঁড়ো চিনি দিয়ে তৈরি গোলাকার এই মিষ্টি উৎসবের সময়ে বিশেষ জনপ্রিয়।
৭) সবশেষে রয়েছে বাঙালির প্রিয় রসগোল্লা। ছানা দিয়ে তৈরি নরম রসালো এই মিষ্টি চিনির সিরায় ডোবানো থাকে। রাখির দিনে ভাই-বোনের মিষ্টিমুখে রসগোল্লা হতে পারে অন্যতম সেরা পছন্দ।