বিজেপি কর্মীদের উদ্দেশে উস্কানিমূলক মন্তব্য এবং হুমকি দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় অবশেষে রেজিনগর থানায় হাজিরা দিলেন নওদার বিধায়ক হুমায়ুন কবীর। পুলিশের পাঠানো দ্বিতীয় নোটিসের পরিপ্রক্ষিতে মঙ্গলবার তিনি থানায় উপস্থিত হন। এর আগে প্রথমবার হাজিরার জন্য নোটিস পাঠানো হলেও তিনি নির্ধারিত দিনে অনুপস্থিত ছিলেন। পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে পুনরায় কড়া বার্তা দিয়ে নতুন নোটিস পাঠানো হলে, তিনি হাজিরা দেওয়ার সিদ্ধান্ত নেন। পুলিশ সূত্রে খবর, হুমায়ুন কবীরের ওই বিতর্কিত বক্তব্যের পরই বিজেপির পক্ষ থেকে থানায় একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরই ঘটনার তদন্তে নামে পুলিশ প্রশাসন। তদন্তের অগ্রগতি এবং অভিযোগের সত্যতা যাচাইয়ের উদ্দেশ্যেই বিধায়ককে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল। প্রথমবার হাজির না হওয়ায় তদন্তে কিছুটা বিলম্ব হলেও, দ্বিতীয় নোটিসের পর মঙ্গলবার সকালেই থানায় পৌঁছান তিনি। তবে সূত্রের খবর, থানায় পৌঁছানোর সময় তার কথার ধরন থেকে বোঝা যায় তিনি ক্ষোভ প্রকাশ করছেন। এবং এই ক্ষোভ বিজেপি সরকারের বিরুদ্ধেই বলে জানা যাচ্ছে।
রেজিনগর থানায় পৌঁছানোর পর তদন্তকারী অফিসারদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করতে দেখা যায় নওদার এই তৃণমূল বিধায়ককে। মূলত মামলার বিভিন্ন দিক এবং তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিয়ে তাঁকে বিস্তারিত প্রশ্ন করা হয়। জিজ্ঞাসাবাদের সময় তাঁর দেওয়া বয়ান তদন্তকারী দল আনুষ্ঠানিকভাবে রেকর্ড করেছে। জিজ্ঞাসাবাদের সম্পূর্ণ প্রক্রিয়াটি অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিচালনা করা হয়েছে। তবে তদন্ত যাতে ব্যাহত না হয়, সেই কারণে পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদের খুঁটিনাটি বা বিস্তারিত তথ্য এখনই জনসমক্ষে আনা হয়নি। তবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান,'জিজ্ঞাসাবাদের সময় পুলিশের সাথে তিনি সহযোগিতা করবেন।' আইনি প্রক্রিয়ার মুখোমুখি হয়ে হুমায়ুন কবীরের এই থানায় হাজিরা দেওয়ার বিষয়টি স্থানীয় রাজনৈতিক মহলে বেশ সাড়া ফেলেছে। তদন্তের পরবর্তী পদক্ষেপ কী হয়, সেদিকেই এখন নজর সকলের।