নিউজ ডেস্ক: মুদ্রা তো প্রতিদিনের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। পকেটে থাকা ছোট্ট একটি ধাতব চাকতি কখনও বাজারের হিসেব মেটাই, আবার কখনও ইতিহাসের সাক্ষী হয়ে ওঠে। কিন্তু এবার আমেরিকার এমনই একটি মুদ্রা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কারণ যে মুখটি সাধারণত টেলিভিশনের পর্দা, রাজনৈতিক পোস্টার এবং নির্বাচনী প্রচারে দেখা যায় এবার সেই মুখই নিজের জায়গা করে নিয়েছে মার্কিন মুদ্রায়। আর মুদ্রাটি বাজারে আসার পরই শুরু হয়েছে সংগ্রাহকদের মধ্যে হুড়োহুড়ি।
সূত্রে খবর, আমেরিকার ২৫০ তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে নতুন একটি স্মারক এক ডলারের মুদ্রা বিক্রি শুরু করেছে ইউ এস মিন্ট। আর সেই মুদ্রার সম্মুখভাগে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি। বুধবার এই মুদ্রা বিক্রি শুরু হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই মুদ্রার প্রাথমিক স্টক ও ব্যাগের সরবরাহ দ্রুত শেষ হয়ে যায়। মুদ্রাটির সামনের দিকে ট্রাম্পের ছবির পাশাপাশি লেখা রয়েছে 'LIBERTY' এবং 'IN GOD WE TRUST'। নিচে রয়েছে '1776~ 2026'। অর্থাৎ আমেরিকার স্বাধীনতার ২৫০ বছরের ইতিহাসকে এই মুদ্রার নকশাতে তুলে ধরা হয়েছে। মুদ্রার অন্য পিঠে রয়েছে যুক্তরাষ্ট্রের গ্রেট সিল, যার কেন্দ্রে দেখা যায় বল্ড ঈগল। ঈগলের হাতে থাকা ব্যানারে লিখা 'E PLURIBUS UNUM' অর্থাৎ যার অর্থ 'বহু থেকে এক'।
সূত্র: https://x.com/bsindia/status/2095449454333882499
একইসঙ্গে, মুদ্রাটি দেখতে সোনালী হলেও এটি সোনার তৈরি নয়। তামার পাশাপাশি দস্তা, ম্যাঙ্গানিজ এবং নিকেল ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে। এটি আইনত বৈধ মুদ্রা হিসেবেও ব্যবহারযোগ্য। ইউএস মিন্ট এর বিক্রির তালিকা অনুযায়ী, ২৫ টি মুদ্রার একটি রোলের দাম ৬১ ডলার এবং ১০০ টি মুদ্রার ব্যাগের দাম ১৫৮.৫০ ডলার। প্রথমপর্যায়ে প্রতিটি পরিবারকে দুটি অর্ডার পর্যন্ত কেনার অনুমতি দেওয়া হয়েছিল। পরে, অতিরিক্ত মজুদ তৈরির কথা জানানো হয়।
তবে, মুদ্রাটির আসল গুরুত্ব হল তার নকশাতে। মার্কিন আইনে সাধারণত জীবিত প্রেসিডেন্টের ছবি মুদ্রায় ব্যবহারের অনুমতি নেই। কিন্তু আমেরিকার ২৫০ তম বার্ষিকী উপলক্ষে বিশেষ আইন করে এই স্মারক মুদ্রার ক্ষেত্রে ব্যতিক্রম করা হয়েছে। এর আগে ১৯২৬ সালে ক্যালভিন কুলিজের ছবি একটি স্মারক হাফ ডলারে ব্যবহার করা হয়েছিল। ফলে, ট্রাম্পের ছবিসহ এই নতুন মুদ্রা শুধু সংগ্রাহকদের কাছেই নয়, মার্কিন মুদ্রার ইতিহাসেও বিশেষ তাৎপর্য বহন করছে।