আকাশপথে নিরাপত্তা আরও জোরদার করতে বড় পদক্ষেপ কলকাতা পুলিশের। বেআইনি বা সন্দেহজনক ড্রোন চিহ্নিত করে তা নিষ্ক্রিয় করার জন্য প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে অ্যান্টি-ড্রোন ডিটেকশন সিস্টেম কিনতে চলেছে লালবাজার। ইতিমধ্যেই কেন্দ্রের অনুমোদনও মিলেছে বলে খবর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,অ্যান্টি-ড্রোন ব্যবস্থার মূলত দু’টি অংশ রয়েছে। প্রথম অংশের কাজ হল আকাশপথে বেআইনি বা অনুমতিহীন ড্রোনের উপস্থিতি শনাক্ত করা। এরপর দ্বিতীয় অংশের মাধ্যমে সেই ড্রোনকে নিষ্ক্রিয় করে নীচে নামিয়ে আনার ব্যবস্থা করা হবে। ফলে এবার থেকে কোনও সন্দেহজনক ড্রোন শহরের আকাশে ঢুকলে দ্রুত তার গতিবিধি চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
শুধু অ্যান্টি-ড্রোন নয়, কলকাতা পুলিশ আরও দু’টি অত্যাধুনিক ড্রোন কেনার পরিকল্পনাও করেছে। সূত্রের খবর, নতুন ড্রোনগুলি টানা ১০ থেকে ১২ ঘণ্টা আকাশে থাকতে পারবে এবং প্রায় ৫০০ মিটার দূর থেকেও স্পষ্ট ছবি তুলে পাঠাতে সক্ষম হবে।
নতুন অ্যান্টি-ড্রোন ব্যবস্থা চালানোর জন্য কলকাতা পুলিশের তরফে পৃথক একটি বিশেষ সেল গঠনের পরিকল্পনাও রয়েছে। বেআইনি ড্রোন শনাক্ত করা থেকে শুরু করে প্রয়োজন অনুযায়ী তা নিষ্ক্রিয় করা, এই বিশেষ দলের দায়িত্বেই থাকবে।




