যেন এক পাহাড়ি ঝরনা, পাথরের গা বেয়ে গড়িয়ে পড়ছে জল। জলের স্রোত, কলকল শব্দ ভেসে আসে সারাটা দিন জুড়ে। বাড়ি সাজানোর কথা উঠলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে দামি আসবাব, চোখধাঁধানো ঝাড়বাতি কিংবা বহুমূল্য শোপিস।হলদে ভাব আলো আরও কত কী!তবে এই ঘর সম্পুর্ন ভিন্ন ধরনের।
বলিউডের আন্না, অভিনেতা সুনীল শেট্টি হেঁটেছেন একেবারে উল্টো পথে। মুম্বইয়ের কোলাহল থেকে দূরে, খন্ডালার পাহাড়ে তিনি বানিয়েছেন তাঁর স্বপ্নের খামারবাড়ি ‘জহান’। মন্নত বা জলসার মত বিলাসবহুল চাকচিক্য এখানে নেই, কিন্তু যা আছে তা যে কোনও রাজপ্রাসাদকেও অনায়াসে হার মানাবে। ইট-কাঠ-পাথরের বদলে এই বাড়ি সেজে উঠেছে আস্ত পাহাড়, ঝরনা আর জীবন্ত গাছপালার নৈসর্গিক ছোঁয়ায়। প্রকৃতির এই অপরূপ রূপ দেখতে সত্যিই খুব ভাল লাগে।
সুনীলের এই বাড়ির সবচেয়ে বড় আকর্ষণ হল এর ‘বায়োফিলিক’ নকশা। অর্থাৎ, অন্দরসজ্জার সঙ্গে প্রকৃতির এক অদ্ভুত এবং নিবিড় মেলবন্ধন। বাড়িটি তৈরি করার সময় বাস্তুতন্ত্রের বিন্দুমাত্র ক্ষতি করা হয়নি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, ইটের পর ইট গেঁথে দেওয়াল তোলার সময় একটিও গাছ কাটা হয়নি। বরং, সেই গাছগুলোকে সযত্নে রেখেই তৈরি হয়েছে দেওয়াল। ছাদ ফুঁড়ে সগর্বে মাথা তুলেছে বিশাল সব জীবন্ত গাছ। পরিবেশকে বাঁচিয়ে রেখেছেন বলিউডের আন্না । পাথর, কিংবা সবুজ গাছের ঘেরাটোপ বাড়িয়েছে ঘরের মায়াবী সৌন্দর্য। মেঝের নীচ দিয়ে কুলকুল করে বয়ে গিয়েছে আস্ত একটি পাহাড়ি ঝরনা, আর ঠিক তার উপরেই সাজানো হয়েছে বসার ঘর। বাজারচলতি দামি শোপিসের বদলে সুনীলের বৈঠকখানায় সগর্বে শোভা পাচ্ছে পাহাড় থেকে খসে পড়া আস্ত প্রাকৃতিক পাথর।
সবুজে ঘেরা এই বাড়িতে সাদা, সবুজ আর বাদামি রঙের ছোঁয়া এক স্নিগ্ধ পরিবেশ তৈরি করেছে। কৃত্রিম গাছপালার বদলে ঘরের আনাচকানাচে উঁকি দিচ্ছে নানা ধরনের বুনো লতাগুল্ম। এর অন্যতম জাদুকরী বৈশিষ্ট্য হল চলনশীল বা ‘রিট্র্যাক্টেবল’ ছাদ। রাতের অন্ধকারে সোফায় বসে একটা বোতাম টিপলেই মাথার উপরের ছাদ সরে গিয়ে উন্মুক্ত হয়ে যায় তারায় ভরা অনন্ত আকাশ।
পাশাপাশি, বৃষ্টির জল সংরক্ষণের জন্য রয়েছে চমৎকার এক প্রাকৃতিক নিকাশীব্যবস্থা। বৃষ্টির জল স্বাভাবিক নিয়মে বয়ে গিয়ে বাড়ির ভিতরেই তৈরি করে মায়াবী জলধারা। বাগানে রয়েছে টাটকা শাকসবজি ফলানোর ব্যবস্থাও। এই অকৃত্রিম স্নিগ্ধতার টানেই এখানেই বসেছিল তাঁর মেয়ে আথিয়া এবং ক্রিকেটার কে এল রাহুলের বিয়ের আসর। কৃত্রিম আভিজাত্যের চেয়ে এই খোলামেলা প্রাকৃতিক রূপই যে সবার নজর বেশি কাড়ছে, তা আর বলার অপেক্ষা রাখে না। ইটের ইমারত নয়, নয় বাহারি আলোর চমক বলিউড অভিনেতার এই ঘর যেন আস্ত এক ছবির ক্যানভাস।