দোরগোড়ায় একুশে জুলাই। ক্রমাগতই রাজনৈতিক উত্তাপ বাড়ছে এই দিনটিকে কেন্দ্র করে। এরই মাঝে মহেশতলায় একযোগে ৬০ জন তৃণমূল কর্মী কংগ্রেসে যোগদান করে।
এইদিন মহেশতলার ১৯ নম্বর ওয়ার্ডের আকড়া জগন্নাথ নগরের জয়িতা এলাকায় আয়োজিত এক যোগদান সভায় জেলা কংগ্রেসের প্রাক্তন কার্যকরী সভাপতি সৌভিক মুখার্জি, প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি প্রশান্ত মণ্ডল এবং মহেশতলা ব্লক কংগ্রেসের সভাপতি শহীদ পিয়াদার উপস্থিত ছিলেন। সেখানেই তৃণমূল থেকে আগত কর্মীরা কংগ্রেসে যোগদান করেন।
সভায় বক্তব্য রাখতে গিয়ে শহীদ পিয়াদার বলেন, একুশে জুলাইকে সামনে রেখে মহেশতলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে যোগদান সভার আয়োজন করা হচ্ছে। সেখানে অনেকেই যোগদান করছে। যুব কংগ্রেসের ১৩ জন শহীদের এখনও বিচার মেলেনি এবং তাদের স্মরণেই শহীদ দিবস পালন করা হয়। এরই পাশাপাশি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, সিপিআই এম থেকে আসা নেতাদের শহীদ দিবস পালন শহীদদের প্রতি অসম্মান করা। এই মন্তব্যকে ঘিরে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে।
এই যোগদান প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া মেলেনি তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে। তবে একুশে জুলাই এর আগে ক্রমাগত এই ভাঙ্গন বিপাকে ফেলছে কালীঘাটপন্থি তৃণমূলীদের।