কলকাতা, নিউজ ডেস্ক:পার্ক স্ট্রিটে ফুটপাথ দখলমুক্ত করতে গিয়ে বিতর্কে জড়িয়েছিলেন অগ্নিমিত্রা পাল। সেই সময় রাস্তায় উনুন জ্বালিয়ে দুধ গরম করছিলেন এক প্রৌঢ়া। তা দেখে রীতিমত ক্ষুব্ধ হন মন্ত্রী। এই এবার সরব হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনায় তীব্র নিন্দা করে অসহায় পরিবারটির দায়িত্ব নেওয়ার কথা বলেছেন তিনি।
সোমবার ফেসবুক লাইভে এসে মমতা বন্দ্যোপাধ্য়া বলেন, ‘নির্বাচনের আগে
প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি ক্ষমতায় এলে অন্নপূর্ণা যোজনা দেবে। তখন কোনও শর্ত ছিল না। কিন্তু এখন আবেদন করতে গেলে বলা হচ্ছে যোগ্যতা পূরণ করেননি। এটা আসলে সম্পূর্ণ প্রতারণা। বিজেপি ঠিক করবে কার যোগ্যতা আছে, কার যোগ্যতা নেই?'
পাশাপাশি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অশান্তির প্রসঙ্গেও করেন মমতা। তাঁর কথায়, ‘মনে রাখবেন ব়্যাঙ্কিংয়ে এই বিশ্ববিদ্যালয় এক নম্বর। আমার সঙ্গে মতপার্থক্য থাকতে পারে ওদের, কিন্তু কখনও কোনওদিন ওদের অশ্রদ্ধা করিনি। ওরা আমার বন্ধু। ছাত্রছাত্রীরা যখন অনশন করছিল, আমি ছুটে গিয়েছিলাম।’
এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে অশান্তি ও ভাঙচুরের ঘটনার কড়া নিন্দা জানান তিনি। মমতার কথায়,‘যাদবপুরে হামলা ঘটনায় আমার হৃদয় কেঁদে উঠেছিল। দিল্লিতে যখন ছাত্ররা আন্দোলন করেছিল,আমি নিয়মিত ওদের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম। বাঁকুড়ায় এক আন্দোলনকারী ছাত্রের বাবার আকস্মিক মৃত্যুতে আমি দলীয় প্রতিনিধি দল পাঠিয়েছিলাম। কোনও ভয় বা চমকানি-ধমকানি দিয়ে ছাত্রদের কণ্ঠ স্তব্ধ করা যায় না। যাঁরা ভাবছেন আমি সন্ন্যাস গ্রহণ করব, তাঁরা ভুল ভাবছেন। আসলে বিজেপিকে সন্ন্যাসে না পাঠানো পর্যন্ত তাঁদের লড়াই চলবে।’