বিশ্বকাপের উন্মাদনায় মেতেছে গোটা দেশ। সমস্ত ফুটবলপ্রেমীদের হৃদস্পন্দন যেন এক ছন্দে বাঁধা। আর সেই উন্মাদনার রঙ এবার মিশে গেল মিষ্টির স্বাদেও। দুর্গাপুরের এক মিষ্টি ব্যবসায়ী ক্ষির ও খোয়া দিয়ে তৈরি করলেন ফুটবল তারকা লিওনেল মেসির অনন্য প্রতিকৃতি। সেমিফাইনালের আগে এই মূর্তি রীতিমত হইচই ফেলে দিয়েছে শিল্পাঞ্চল দুর্গাপুরে। বহু মানুষ ভিড় করে এই মিষ্টি দেখতে আসছেন।
মেসি মানেই ফুটবল প্রেমীদের কাছে এক অন্যরকম আবেগ। আর সেই আবেগই যেন মিষ্টির ছাঁচে বন্দি হয়েছে দুর্গাপুরের মামড়া বাজারে। স্থানীয় মিষ্টি ব্যবসায়ী দেবাশিস ঘোষ দেড় কেজি খোয়া, ক্ষির, বিভিন্ন মিষ্টির উপকরণ এবং ফুড কালার দিয়ে তৈরি করেছেন প্রায় দেড় ফুট উচ্চতার লিওনেল মেসির প্রতিকৃতি। নীল-সাদা ১০ নম্বর জার্সি, কালো প্যান্ট, সামনে ফুটবল সব মিলিয়ে যেন জীবন্ত মেসিরই ছোট্ট রূপ। মিষ্টির ফিনিশিং দেখে বোঝা দায় তা হাতে বানানো। ছোটবেলা থেকেই আর্জেন্টিনা দলের সমর্থক দেবাশিস। সময়ের সঙ্গে মেসির প্রতি তার ভালোবাসা আরো গভীর হয়েছে। সেই ভালোবাসার টানেই বিশ্বকাপের সেমিফাইনালের আগে প্রিয় তারকার প্রতি শ্রদ্ধা জানাতে তৈরি করেছেন এই অভিনব মিষ্টির কারুকার্য। যার রীতিমতো এখন সবার নজরে কেড়েছে। মেসির এই মিষ্টির প্রতিকৃতির খবর ছড়িয়ে পড়তেই দোকানে ভিড় করছেন ফুটবলপ্রেমীরা। কেউ ছবি তুলছেন, কেউ সেলফি, আবার কেউ ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় সকলের কাছে পৌঁছে দিচ্ছেন।
বর্ষার কারণে বড় আকারে তৈরি এই মূর্তি তৈরি করতে পারেননি। তবুও আবেগে কোনো খামতি রাখেননি দেবাশিস। তার কথায়, 'ছোট করে বানাতে হয়েছে ঠিকই, কিন্তু ভালোবাসাটা একটুও ছোট নয়। এবার শুধু চাই, মেসির হাতেই উঠুক বিশ্বকাপ।' তার এই আবেগের মধ্যে দিয়েই প্রকাশিত হচ্ছে মেসির প্রতি তার নিখাদ ভালোবাসা।
গোলের পর গোল, রেকর্ডের পর রেকর্ড। বিশ্বকাপের মঞ্চে লিওনেল মেসির জাদুতে মুগ্ধ গোটা ফুটবল বিশ্ব। বিশ্বকাপের উত্তেজনার মাঝেই দুর্গাপুর জানিয়ে দিল, প্রিয় তারকার প্রতি ভালোবাসা শুধু গ্যালারিতে নয়, শিল্পকলার মাধ্যমেও ফুটে ওঠে। তাইতো এখন সর্বত্র চর্চিত হয়ে উঠে মেসির এই মিষ্টি।




