কলকাতা,নিউজ ডেস্ক: কেমন থাকবে মাসের শেষ দিন? জেনে নিন আজকে (৩১শে অগাস্ট,২০২৬)-র আবহাওয়ার রিপোর্ট।
ফের বৃষ্টির দাপটের সম্ভাবনা কলকাতায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস সোমবার মহানগরের আকাশ মূলত মেঘলা থাকবে। এছাড়াও দফায় বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানা যাচ্ছে। কলকাতায় বজ্রপাত-সহ ঝোড়ো হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৭°এবং সর্বোচ্চ প্রায় ৩২° সেলসিয়াস থাকতে পারে। এর কারণে ভ্যাপসা অনুভূতি হতে পারে।
আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, ভারী বৃষ্টিপাতের জন্য 'হলুদ সতর্কতা' জারি হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায়। মাঝারি পরিমানে বৃষ্টিপাত হতে পারে হাওড়া, কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এইসব জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার পূর্বাভাসও রয়েছে।
আজ সারাদিন সমগ্র উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে বাদবাকি জেলাতেও।
পশ্চিমমধ্য-উত্তর ওড়িশা উপকূলের উপর অবস্থান করছে নিম্নচাপ। ফলে একটি ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে গড়ে ৭.৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এটি উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে পশ্চিম থেকে উত্তর-পশ্চিম দিকে এগোবে। তাই উপকূল এলাকায় মৎস্যজীবীদের সাবধান থাকতে বলা হয়েছে