কলকাতা, নিউজ ডেস্ক: দিনের শুরুতে জেনে নিন আজকের (৭ই সেপ্টেম্বর,২০২৬) আবহাওয়ার খবর। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা! সতর্কতা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে সুখবর, ৯ই সেপ্টেম্বরের পর পরিস্থিতি কিছুটা বদলাতে পারে।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩°সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭° সেলসিয়াসের আশপাশে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হতে পারে। এর ফলে বৃষ্টি না হলে,বা মেঘ না কাটলে মহানগরে ভ্যাপসা গরম ও অস্বস্তি বজায় থাকবে। মহানগরে বৃষ্টির সময় প্রতি ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়ার পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দফতরের সূত্র।
আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।বিশেষত পশ্চিম বর্ধমান ও বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমের বিশেষ কিছু অংশে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস। এমনটাই বলেছে আবহাওয়া দফতর সূত্র।
সোমবার উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। এই জেলাগুলোর মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং ও কোচবিহারে ৭-১১ সেন্টিমিটার ভারী বৃষ্টির পূর্বাভাস। এমনকি উত্তরবঙ্গের সব জেলাতেই এক বা দু'টি জায়গায় বজ্রপাত,এবং ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ারও পূর্বাভাস।এমনটাই জানা গেছে আবহাওয়া দফতর সূত্রে।