কেয়া মণ্ডল: এবার চুল কেটে নতুন লুকে রাজন্যা হালদার। নিজের নতুন চেহারা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি তাৎপর্যপূর্ণ পোস্টও করেছেন তিনি।
সোশ্যাল মিডিয়ার পোস্টের শুরুতেই ইংরেজিতে লিখেছেন, 'Beauty lies in the eyes of the beholder'—অর্থাৎ, সৌন্দর্য নির্ভর করে যিনি দেখছেন, তাঁর দৃষ্টিভঙ্গির উপর।
এর পরেই আত্মজীবনী লেখার প্রসঙ্গ টেনে নিজের জীবনের নানা দিক তুলে ধরার ইঙ্গিত দিয়েছেন রাজন্যা। তিনি লিখেছেন, ‘আমার জীবন’ নামক একটি আত্মজীবনী যদি কোনও একদিন লেখেন, তাহলে তার একেকটি পাতায় একেক রকমের রাজন্যাকে উপস্থাপন করতে পারবেন। অর্থাৎ, জীবনের বিভিন্ন পর্যায় ও অভিজ্ঞতায় তাঁর নানা রূপের কথাই তুলে ধরেছেন তিনি।
নতুন চুলের প্রসঙ্গে রাজন্যার লেখায় রয়েছে রসিকতা ও আত্মবিশ্বাসের সুরও। তিনি লিখেছেন, 'ন্যাড়া বেলতলায় যতবার খুশি যাক আমার কি! আমি তো বেলপাতা দিয়ে মহাকাশে ত্রিনয়ন এঁকেছি।' তাঁর এই বক্তব্যের মধ্য দিয়ে সমালোচনা বা কটাক্ষকে বিশেষ গুরুত্ব না দেওয়ার বার্তাই উঠে এসেছে বলে মনে করা হচ্ছে।
চুল কেটে ফেলার পর নিজের নতুন লুক নিয়ে রাজন্যার এই পোস্ট ঘিরে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। তাঁর বক্তব্যে যেমন আত্মবিশ্বাসের ছাপ রয়েছে, তেমনই রয়েছে নিজের মতো করে বাঁচার বার্তা। নতুন হেয়ারস্টাইলের সঙ্গে তাঁর এই মন্তব্যও নজর কেড়েছে নেটিজেনদের।
তৃণমূলের ২১ জুলাইয়ের শহীদ মঞ্চ থেকে তাঁর কণ্ঠস্বর শুনেছিল গোটা রাজ্য। যুবনেত্রী হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন রাজন্যা হালদার। পরে
দল ছাড়তে হয়। ছাব্বিশের
ভোটের আগে তৃণমূল ছেড়েছিলেন রাজন্যা হালদার। নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন সোনারপুর দক্ষিণ কেন্দ্রে। নির্বাচনে সাফল্য না পেলেও বরাবর সোশ্যাল মিডিয়ায় বেশি সক্রিয়। এবার মাথা ন্যাড়া করে নতুন করে চর্চা শুরু হয়েছে।