রাস্তা নাকি মরণ ফাঁদ দেখে বোঝা দায়। বেহাল রাস্তার কারণে রীতিমতো ক্ষোভ ছড়িয়েছে গোটা এলাকায়। উত্তর ২৪ পরগনার দেগঙ্গা ব্লকের হাদীপুর ঝিকরা–২ নম্বর গ্রাম পঞ্চায়েতের হামাদামা থেকে হাজরাতলা পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ গুরুত্বপূর্ণ পিচের রাস্তার বেহাল দশা। এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করা যেন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় মানুষদের কাছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রাস্তার বিভিন্ন অংশে তৈরি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ। কোথাও আবার উঠে এসেছে পিচ, পাথর ও খোয়া। প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় চলাচল করতে হচ্ছে স্থানীয়দের।
স্থানীয়দের অভিযোগ, প্রায় ৩০ হাজার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান এই সড়ক। স্কুল-কলেজের পড়ুয়া থেকে শিক্ষক-শিক্ষিকা, কর্মজীবী মানুষ প্রতিদিন অসংখ্য মানুষ এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করে। কিন্তু রাস্তার এমন বেহাল পরিস্থিতিতে বাইক, টোটো, রিকশা-সহ বিভিন্ন যানবাহন চলাচল করতে গিয়ে রীতিমতো দুর্ভোগের শিকার হতে হচ্ছে তাদের। শুধু যাতায়াত নয়, এই রাস্তার বেহাল দশার সরাসরি প্রভাব পড়েছে এলাকার অর্থনীতি ও দৈনন্দিন জীবনেও। কারণ এই রাস্তার উপর দিয়ে প্রতিনিয়ত বহু মানুষ নিজেদের কর্ম ক্ষেত্রে পৌঁছান। অনেকেই ব্যবসায়িক কাজেও যান। রাস্তার দুর্ভোগের ফলে তাদের যোগাযোগ মাধ্যম বিচ্ছিন্ন হয়ে পড়ছে। সব ক্ষেত্রেই বাড়ছে সময় ও ঝুঁকি।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন থেকে এই সমস্যার কথা প্রশাসনিক মহলে জানালেও কোনো সমাধান মেলেনি। মাঝের মধ্যে সাময়িক মেরামত করার জন্য বড় বড় গর্তে খোয়া বা মাটি ফেলা হয়। কিন্তু সমস্যা সমাধান করা হয় না। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে বিষয়টি সরজমিনে খতিয়ে দেখার আবেদন জানিয়েছেন তারা।
গুরুত্বপূর্ণ এই রাস্তা শুধুমাত্র একটি যোগাযোগের পথ নয়, প্রায় ৩০ হাজার মানুষের দৈনন্দিন জীবনের অন্যতম ভরসা। তাই প্রশাসন যাতে এই রাস্তা সম্পূর্ণ সংস্কার করে পুনর্নির্মাণ করে সেই দাবি রাখছেন সাধারণ মানুষ। এলাকার মানুষের এই সমস্যার কবে সমাধান মেলে সেদিকেই তাকিয়ে সকলে।