কলকাতা, নিউজ ডেস্ক: রবিবার সকালে এক ঘরোয়া আবহে দেখা গেল বঙ্গ রাজনীতির একাধিক চেনা মুখকে। সন্তোষ মিত্র স্কোয়ার সংলগ্ন শতদল সংঘের খুঁটিপুজো উপলক্ষে এদিন বউবাজারে পৌঁছান বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তবে মূল অনুষ্ঠানে যোগ দেওয়ার আগেই তিনি সোজা উপস্থিত হন শতদল সংঘের পাশের পাড়ার বাসিন্দা, বিধায়ক সজল ঘোষের বাড়িতে।
সেখানেই আতিথেয়তা গ্রহণ করে প্রাতরাশ সারেন শমীক ভট্টাচার্য। রবিবাসরীয় এই সকালের খাবারের মেনুতে ছিল চেনা বাঙালি পদ গরম লুচি, সাদা আলুর তরকারি, পনির ও ডিমের কারি।
রাজনৈতিক ব্যস্ততার বাইরে এই ঘরোয়া বৈঠকের মধ্যেই এক অন্য মাত্রা যোগ হয়, যখন সজল ঘোষের বাসভবনে উপস্থিত হন বিধায়ক ও মন্ত্রী তাপস রায়ও। সব মিলিয়ে খুঁটিপুজোর প্রাক্কালে সজল ঘোষের বাড়িতে রাজনীতিবিদদের এই জমায়েত ও প্রাতরাশ বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে কৌতূহল।