কলকাতা, নিউজ ডেস্ক: 'সাহস থাকলে আবার লড়ুন, আবার হারাব'। বারুইপুরের জনসভা থেকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। এমনকি, নাম না করে সভার মঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘বড় চোরও জেলে যাবে, চিন্তার কোনও কারণ নেই।’
বারুইপুরের সভা থেকে শুভেন্দুর বক্তব্যে বারবার উঠে আসে রাজনৈতিক পালাবদল ও সাম্প্রতিক নির্বাচনী ফলাফলের প্রসঙ্গ। তাঁর দাবি, দক্ষিণ ২৪ পরগনার মানুষ এখন বাক্স্বাধীনতা ও ধর্মীয় স্বাধীনতা ফিরে পেয়েছেন। রাজনৈতিক প্রতিপক্ষকে কটাক্ষ করতে গিয়ে এলাকায় আরশোলা, ছারপোকা ও মাকড়ের উৎপাতের কথাও বলেন তিনি।
এদিন বারুইপুর জনসভা থেকে তৃণমূল ও সিপিএমের বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘সিপিএমের অত্যাচার থেকে বাংলাকে বাঁচানোর লক্ষ্য নিয়েই একসময় তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল। সেই তৃণমূলই এখন সিপিএমের সঙ্গে দোস্তি করছে। বেবি আর আন্টি এখন একসঙ্গে চা খাচ্ছেন। আসলে বাংলায় কোথাও আপনার জায়গা নেই। আপনি ওই দিল্লিতে রামলীলা ময়দানেই যান।'
এখানে উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে শুভেন্দুর কাছে পরাজিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেও ভবানীপুরে শুভেন্দুর কাছে হারেন তিনি। এই দুই নির্বাচনী ফলের প্রসঙ্গই এদিনের সভায় তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘দু’বার হারিয়েছি, ক্ষমতা-সাহস থাকলে ভোটে লড়ুন, আবার হারাব।’
মমতার পাশাপাশি দুর্নীতির অভিযোগ তুলে শুভেন্দু বলেন, ‘আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে, বড় চোরটা কবে যাবে। সময়টা একটু দেখে সব ঠিকঠাক করে করতে হয়। বড় চোর যাবে, চিন্তার কোনও কারণ নেই।’




