কলকাতা, নিউজ ডেস্ক: আসন্ন কলকাতা পুরনিগম নির্বাচনকে সামনে রেখে বড় দায়িত্ব পেলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। কলকাতা পুরনিগমের নির্বাচনী প্রস্তুতির ইন-চার্জ করা হয়েছে তাঁকে।
জানা গিয়েছে, পুরভোটের আগে কলকাতায় বিজেপির সাংগঠনিক প্রস্তুতি, ওয়ার্ড ও বুথস্তরের সংগঠনের মধ্যে সমন্বয় এবং নির্বাচনী কৌশল বাস্তবায়নের সামগ্রিক তদারকিতে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে সুকান্ত মজুমদারের। দলীয় কর্মীদের সঙ্গে সমন্বয় রেখে নির্বাচনী প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বও থাকবেন তিনি।
বিজেপি সূত্রে খবর, কলকাতা পুরসভা দখলের লড়াইকে বিজেপি যে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে, সুকান্তের মতো অভিজ্ঞ ও প্রভাবশালী নেতাকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তেই তার ইঙ্গিত মিলছে। সংগঠনকে মজবুত করার পাশাপাশি সুকান্তর রাজনৈতিক অভিজ্ঞতাকেও কাজে লাগাতে চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
সুকান্তর সঙ্গে কো-ইন-চার্জ হিসেবে থাকবেন রাজ্য বিজেপির সহ-সভাপতি অনিন্দ্য ব্যানার্জী (রাজু)। কনভেনরের দায়িত্ব পেয়েছেন প্রাক্তন বিধায়ক তথা মন্ত্রী তাপস রায়। কো-কনভেনর করা হয়েছে কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রের বিধায়ক রীতেশ তিওয়ারিকে।
অন্যদিকে, হাওড়া পুরনিগমের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যসভার সাংসদ রাহুল সিনহাকে। কনভেনর হিসেবে দায়িত্ব পেয়েছেন বালি কেন্দ্রের বিধায়ক সঞ্জয় কুমার সিং।




