এবার ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন কলকাতার রাজপথে নয়, সুন্দরবনের প্রত্যন্ত এলাকায়। এবার স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ১৫ ই আগস্ট সুন্দরবনে জাতীয় পতাকা উত্তোলন করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যদিও তাঁর সফর এখনো চূড়ান্ত নয় তবে প্রশাসনিক তৎপরতা দেখে এমনই জল্পনা তৈরী হয়েছে।
মুখ্যমন্ত্রীর সম্ভাব্য কর্মসূচিকে সামনে রেখে ইতিমধ্যেই সুন্দরবনের একাধিক এলাকা পরিদর্শন করা হয়েছে। সুন্দরবনের ব্যাঘ্য প্রকল্পের ঝিলা ফরেস্ট ক্যাম্প এবং গোসাবার কাছারি মাঠ এই দুই জায়গা প্রাথমিকভাবে খতিয়ে দেখা হয়েছে।
প্রশাসনিক সূত্রে খবর, যাতায়াতের সুবিধা এবং হেলিকপ্টার অবতরণের বিষয়টি বিবেচনা করে গোসাবার কাছারি মাঠকে অনুষ্ঠানের সম্ভাব্য স্থান বলে ধরা হয়েছে। মুখ্যমন্ত্রীর সম্ভাব্য সফরকে কেন্দ্র করেই তৎপরতা বেড়েছে।
সম্প্রতি, নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে এলাকায় পৌঁছান বিভিন্ন পুলিশ আধিকারিকেরা। তাদের মধ্যে ছিলেন এডিজি রাজেশ প্রসাদ সিং, এডিজি কুশমা কর, বারুইপুর জেলার পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার। পুলিশ আধিকারিকেরা শুধুমাত্র সম্ভাব্য অনুষ্ঠানস্থল নয়, সুন্দরবনের ভৌগোলিক পরিস্থিতি, যাতায়াতের পথ এবং হেলিকপ্টার অবতরণের স্থান পর্যবেক্ষণ করেন।
উল্লেখ্য, সম্প্রতি বাঁকুড়ায় সাতটি জেলা নিয়ে প্রশাসনিক বৈঠকে পশ্চিমাঞ্চলের পাশাপাশি সুন্দরবনের উন্নয়ন নিয়েও একাধিক পরিকল্পনার কথা উঠে আসে। আগামী কয়েক মাসে এই অঞ্চলের উন্নয়ন নিয়ে বিশেষ পদক্ষেপের কথা জানানো হয়েছে। এই পরিস্থিতিতে প্রশাসনের একাংশ স্বাধীনতা দিবসে সুন্দরবনে মুখ্যমন্ত্রীর সম্ভাব্য উপস্থিতিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করেছে। এই নিয়ে ব্যাপক তোরজোর শুরু হয়েছে সুন্দরবন এলাকায়। প্রত্যন্ত সুন্দরবনকে সামনে রেখে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান হলে তা নিঃসন্দেহে বিশেষ নজর কাড়বে। তবে, শেষ পর্যন্ত কোথায় এবং কিভাবে অনুষ্ঠান হবে, তা সরকারিভাবে চূড়ান্ত ঘোষণা না হওয়া পর্যন্ত কোনো কিছুই নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না।