নিউজ ডেস্ক: নেপালে ভয়াবহ হড়পাবানের পর রীতিমতো চারিধারে আতঙ্ক ছড়িয়েছে। এবার তার প্রভাব পড়তে শুরু করেছে বাংলাতেও। ফারাক্কা ব্যারেজে দ্রুত বাড়ছে গঙ্গার জলস্তর। বৃহস্পতিবার দুপুরের পরিসংখ্যান অনুযায়ী, ফারাক্কায় গঙ্গার জল বিপদসীমার প্রায় তিন ফুট উপর দিয়ে বইছে। জলস্তর আরও বাড়তে থাকলে আগামী ২৪ ঘণ্টায় পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রশাসনের।
ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরে ব্যারেজের আপস্ট্রিমে জলস্তর ছিল ৭৬.৬০ ফুট। ডাউনস্ট্রিমে জলস্তর দাঁড়িয়েছে ৭৫.২০ ফুট। এর আগের দিন অর্থাৎ বুধবার আপস্ট্রিমে জলস্তর ছিল ৭৬.৩৫ ফুট এবং ডাউনস্ট্রিমে ৭৪.৮০। অর্থাৎ মাত্র ২৪ ঘন্টায় ডাউনস্ট্রিমে জল বেড়েছে প্রায় ০.৪০ ফুট। এইভাবে জলস্তর বাড়তে থাকায় গঙ্গার তীরবর্তী এলাকায় আতঙ্ক বেড়ে গিয়েছে।
পরিস্থিতি মোকাবেলায় তৎপর হয়েছে মুর্শিদাবাদ জেলা প্রশাসন। ফারাক্কা, সামশেরগঞ্জ, ধুলিয়ান-সহ নদী তীরবর্তী নিচু এলাকাগুলিতে শুরু হয়েছে নজরদারি। প্রশাসনের তরফ থেকে মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। প্রয়োজন হলে নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। একইসঙ্গে, মৎস্যজীবীদের নদীতে না নামার জন্য সতর্ক করা হয়েছে। বিপর্যয় মোকাবিলা দফতরকেও প্রস্তুত রাখা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।
ফারাক্কার BDO সুজয় ব্যাপারী নিজেও মাইকিং করে নদী পাড়ের বাসিন্দা ও মৎস্যজীবীদের সতর্ক করেছেন। এখনও পর্যন্ত অন্তত ৩২ জন বাঙালি পর্যটকের নেপালে যাওয়ার পর থেকে খোঁজ নেই বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। তাঁদের পরিবারের উদ্বেগের মধ্যে নবান্নে চালু করা হয়েছে বিশেষ হেল্প লাইন।
বিপর্যস্ত বাংলার বাসিন্দারা ও তাঁদের পরিবারের সদস্যেরা (০৩৩) ২৪৭৯-৩৩১১ এবং ৯১৪৭৮৯০১৮১ নম্বরে যোগাযোগ করতে পারেন। নেপালের বিপর্যয়ের আঁচ এবার বাংলায় কতটা পড়ে, এখন সেটাই সবচেয়ে বড় চিন্তার বিষয়।