যতদিন যাচ্ছে আরও চাপ বাড়ছে ডায়মন্ড-হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যে পালাবদল ঘটতেই ভেঙে দু-ভাগ হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। সেই সঙ্গে দিনদিন চাপ বাড়ছে অভিষেকেরও। একদিকে তাঁর বিরুদ্ধে ডিজে মামলার অভিযোগ তো আছেই। পাশাপাশি ডায়মন্ড-হারবারের অন্যতম কর্মসূচি 'সেবাশ্রয়' নিয়েও একাধিক বেনিয়মের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।
ইতিমধ্যেই ডায়মন্ড হারবার ও বিষ্ণুপুর থানাতে তাঁর বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের হয়েছে। এবার রবীন্দ্রনগর থানায় অভিষেক ব্যানার্জির নামে এফআইআর দায়ের করা হয়েছে। সেই FIR- এ অভিষেকের আপ্তসয়াহক অর্থাৎ পিএ সুমিত রায়েরও নাম রয়েছে বলেই জানা যাচ্ছে।
সেবাশ্রয় 'কেলেঙ্কারি' যেন ক্রমাগত বেড়েই চলেছে। যতদিন যাচ্ছে আরও নতুন নতুন অভিযোগ সামনে আসছে। বিগত কিছুদিন আগেই মহেশতলার এক বাসিন্দা সেবাশ্রয় কর্মসূচি নিয়ে বড়সড় অভিযোগ করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, ডায়মন্ড হারবারে ওই সেবাশ্রয় কর্মসূচিতে ভুল চিকিৎসার গাফিলতিতে তাঁর পা বাদ চলে যায়। বিষয়টি সামনে আসতেই শোরগোল পরে যায় রাজ্যজুড়ে। ভুক্তভোগী ওই মহিলা রোগী ডায়মন্ড হারবারের মহেশতলার বাসিন্দা মালতি বিশ্বাস। ভুল চিকিৎসার অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আরও বেশ কিছুজনের বিরুদ্ধে রবীন্দ্রনগর থানায় অভিযোগ দায়ের করেছিল মালতির পরিবার। এবার সেই অভিযোগের ভিত্তিতেই এফআইআর দায়ের করা হল। যেখানে অভিষেক ও তাঁর পিএ সুমিত রায়ের নাম রয়েছে বলেই জানা গিয়েছে।
রাজ্যে দীর্ঘ ১৫ বছর পর পালাবদল ঘটেছে। ভরাডুবি হয়েছে তৃণমূলের। এখন একদিকে কালীঘাট তৃণমূল অন্যদিকে ঋতব্রতীপন্থী তৃণমূল, যাদেরকে মূলত তৃণমূলের বিদ্রোহী শিবির' বলা হচ্ছে। তবে এই ঋত তৃণমূলের নেতা-কর্মীরা দাবি করছেন তাঁরাই আসল তৃণমূল। এইসবের মধ্যেই দিনদিন একাধিক মামলায় জর্জরিত হচ্ছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। একসঙ্গে এতগুলো থানায় এফআইআর দায়ের হওয়ায় অভিষেক অনেকটাই চাপে বলেই মনে করছেন রাজনৈতিক মহল।




