একটা সময় ভারতীয় রোয়িংয়ের ইতিহাসে যে সোনা নতুন অধ্যায়ের সূচনা করেছিল, সেই সাফল্যই এবার অন্ধকার ডেকে আনলো। বিশ্বকাপে সোনাজয়ী ভারতীয় রোয়ার লক্ষ্য-কে ডোপিংয়ের অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। নমুনায় নিষিদ্ধ অ্যানাবলিক স্টেরয়েড স্ট্যানোজোলল-এর উপস্থিতি ধরা পড়ায় শুরু হয়েছে তদন্ত। এর ফলে শুধু তার কেরিয়ারই নয়, ভারতের প্রথম রোয়িং বিশ্বকাপ সোনা এখন অনিশ্চয়তার মুখে।
সূত্র মারফত জানা গিয়েছে, জুন মাসে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত রোয়িং ওয়ার্ল্ড কাপ-৩-এ উজ্জ্বল সিংয়ের সঙ্গে লাইটওয়েট ডাবল স্কালস বিভাগে সোনা জিতেছিলেন লক্ষ্য। এটাই ছিল রোয়িং বিশ্বকাপের ইতিহাসে ভারতের প্রথম সোনার পদক। কিন্তু পুনেতে হওয়া প্রতিযোগিতায় নমুনাথ সংগ্রহ করার সময় রিপোর্ট পজেটিভ আসে। রিপোর্ট হাতে আসতেই তাকে সমস্ত প্রতিযোগিতা থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ভারতীয় রোয়িং মহলে। তদন্ত এবং আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত লক্ষ্য কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। এছাড়াও এই ডোপিংয়ের অভিযোগ প্রমাণিত হলে বিশ্বকাপ জয়ী স্বর্ণপদক বাতিল হতে পারেন বলে জানা গিয়েছে।
ভারতের এশিয়ান গেমস প্রস্তুতিতেও এই ধাক্কা বড় প্রভাব ফেলতে পারে। মাত্র ২৩ বছর বয়সী হরিয়ানার এই রোয়ার গত বছর ভিয়েতনামে অনুষ্ঠিত এশিয়ান রোয়িং চ্যাম্পিয়নশিপেও অজয় ত্যাগীর সঙ্গে লাইটওয়েট ডাবল স্কালসে সোনা জিতেছিলেন। এছাড়াও ভারতের কোয়াড্রুপল স্কালস দলের সদস্য হিসেবেও তিনি রুপোর পদক জয়ের সাক্ষী ছিলেন। ডোপ পরীক্ষায় পজিটিভ রিপোর্ট সামনে আসার পর একাধিক বিতর্কের সৃষ্টি হয়েছে। আগামী দিনের তদন্তের ফল কোন দিকে এগোয় তাকিয়ে ক্রীড়ামহল।




