নিউজ ডেস্ক: রেকর্ড গড়ার অভ্যাস যেন পিছু ছাড়ছে না অভিষেক শর্মার। কখনও দ্রুততম হাফসেঞ্চুরি, কখনও বিধ্বংসী সেঞ্চুরি, আবার কখনও অল্প বলে বিপক্ষের বোলিং আক্রমণকে তছনছ করে দেওয়া, আন্তর্জাতিক টি ২০-তে একের পর এক নজির গড়ছেন ভারতের বাঁহাতি ওপেনার। এবার তাঁর মুকুটে নতুন পালক। এক ক্যালেণ্ডার বর্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা মারার বিশ্বরেকর্ড নিজের নামে করে ফেললেন অভিষেক। পিছনে পড়ে গেলেন ভারতের টি-২০ অধিনায়ক সূর্যকুমার যাদব।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টি ২০ সিরিজে এই নজির গড়েছেন অভিষেক। এর আগে এক বছরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড ছিল সূর্যকুমারের দখলে। ২০২২ সালে ৬৮টি ছক্কা মেরেছিলেন তিনি। অভিষেক সেই সংখ্যাকে টপকে গিয়ে নতুন নজির তৈরি করেছেন। ২০২৬ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর ছক্কার সংখ্যা পৌঁছে গিয়েছে ৬৯টি। সূর্যকুমারের চার বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছেন ভারতীয় দলের এই তরুণ ব্যাটার।
অভিষেকের এই কৃতিত্বের গুরুত্ব আরও বেশি, কারণ টি-টোয়েন্টি ক্রিকেটে ছক্কা মারার ক্ষমতা তাঁর ব্যাটিংয়ের অন্যতম প্রধান অস্ত্র। ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে পছন্দ করেন তিনি। বোলার যে-ই হোন না কেন, সুযোগ পেলেই বড় শট খেলতে পিছপা হন না। পাওয়ার প্লে-তে দ্রুত রান তুলে বিপক্ষের উপরে চাপ তৈরি করাই তাঁর ব্যাটিংয়ের মূল বৈশিষ্ট্য। সেই আগ্রাসী মানসিকতারই প্রতিফলন দেখা যাচ্ছে চলতি বছরে তাঁর ব্যাটিংয়ে।
তবে রেকর্ড গড়লেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিজের ইনিংসকে বড় করতে পারেননি অভিষেক। ২৪ বলে ২৯ রান করে ফিরে যান তিনি। ইনিংসে ছিল তিনটি চার ও একটি ছক্কা। সেই একটি ছক্কাই তাঁকে নতুন বিশ্বরেকর্ডের মালিক করে দেয়।
এই বছর অভিষেকের ব্যাটিংয়ের দিকে নজর রাখলেই বোঝা যায়, কেন তাঁকে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ টি-টোয়েন্টি ব্যাটার হিসাবে বিবেচনা করা হচ্ছে।
নাগপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩৫ বলে ৮৪ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন তিনি। আবার গুয়াহাটিতে মাত্র ২০ বলে অপরাজিত ৬৮ রান করে বিপক্ষের বোলারদের কার্যত দিশেহারা করে দেন। এই ধরনের ইনিংসই তাঁকে টি-২০ ক্রিকেটের অন্যতম বিপজ্জনক ব্যাটারে পরিণত করেছে।




