আইএসএল-এর প্রথম ডার্বির রং সবুজ-মেরুন । এদিন যুবভারতীতে ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারাল মোহনবাগান । বাগানের হয়ে একমাত্র গোল ম্যাকলারেনের । প্রথমার্ধে একাধিক সুযোগ নষ্ট লাল-হলুদের।
ম্যাচে এদিন প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই । ম্যাচের ১০ মিনিটের মাথায় সুযোগ চলে আসে লাল-হলুদের সামনে । সুযোগ আসে জয় গুপ্তার সামনে, কিন্তু তাতে কোন কাজের কাজ হয়নি । এরপর পাল্টা আক্রমণ চালায় মোহনবাগান । যদিও তাতে কাজের কাজ কিছু হয়নি ।ম্যাচের ৩০ মিনিটে সুযোগ চলে আসে সবুজ-মেরুনের সামনে । শুভাশিসের দুরন্ত বাঁক খাওয়ানো পাস থেকে একেবারে নিখুঁত জায়গায় বল পেয়ে যান অনিরুদ্ধ থাপা। সামনে তখন শুধু লাল-হলুদ গোলরক্ষক লাচেনপা। কিন্তু গোলরক্ষককে লাছেনপাকে একা পেয়েও কাজের কাজ করতে ব্যর্থ হন থাপা । এরপর পাল্টা আক্রমণে যায় ইস্টবেঙ্গল । ম্যাচের ৩৬ মিনিটে সুযোগ পান জয় গুপ্তা । তবে লাল-হলুদের গোলের দরজা তাতে খোলেনি । এরপর বেশ কয়েকবার আক্রমণে গেলেও গোলের দরজা খুলতে পারেনি ইস্ট-মোহন দুই দলই । যার ফলে প্রথমার্ধে ম্যাচের ফলাফল থাকে গোলশূন্য ।
ম্যাচের দ্বিতীয়ার্ধেও চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই । তবে এরই মধ্যে ম্যাচের ৫৮ মিনিটে সুযোগ চলে আসে সবুজ-মেরুনের সামনে । এবার সুযোগ হাতছাড়া করেন মনবীর সিং । তবে এরপরই জোড়া পরিবর্তন করেন বাগান কোচ পানোস । মেহতাব সিং, দ্রাদিজকে তুলে লিস্টন কোলাসো এবং জেলকোভিচকে মাঠে নামান তিনি । ম্যাচের ৬৪ মিনিটে দুরন্ত সেভ করেন লাছেনপা । লিস্টন কোলাসোর শট ইস্টবেঙ্গলের রক্ষণে লেগে দিক পরিবর্তন করে। তবে বিপদ বুঝে দ্রুত ঝাঁপিয়ে পড়ে বল দূরে ঠেলে দেন লাল-হলুদ গোলরক্ষক । তবে তখনও বিপদ মুক্ত হয়নি লাল-হলুদ । ম্যাচের ৬৭ মিনিট ১-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান । বাগানকে গোল করে এগিয়ে দেন ম্যাকলারেন। এরপর ম্যাচে পরিবর্তন করেন লাল-হলুদ কোচ হাবাস। লোবাকে তুলে পিভি বিষ্ণুকে নামান তিনি । তবে তাতে কাজের কাজ কিছু হয়নি । গোলের দরজা খুলতে ব্যর্থ হয় হাবাস বাহিনী । ম্যাচে এদিন প্রথমার্ধে যে সুযোগ পেয়েছিল ডেভিড, লোবারা, তাতে ম্যাচের ফলাফল কিছু অন্য হতে পারতো । এদিনও ইস্টবেঙ্গলকে গোল নষ্টের খেসারত দিতে হল ।




