আগামী ২৫ জুলাই, শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান-ইস্টবেঙ্গল ডার্বি দিয়ে শুরু হচ্ছে ডুরান্ড কাপ। তার আগেই সমর্থকদের জন্য বড় ঘোষণা করলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। এ বারের ডুরান্ডে প্রথম বার চালু হচ্ছে পেপারলেস টিকিট ব্যবস্থা। দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে সেই সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে।
এত দিন অনলাইনে টিকিট কাটার পরও সমর্থকদের কাউন্টারে গিয়ে টিকিট রিডিম বা স্ট্যাম্প করাতে হত। নতুন ব্যবস্থায় সেই ঝক্কি আর থাকছে না। অনলাইনে পাওয়া ই-টিকিট দেখিয়েই সরাসরি স্টেডিয়ামে প্রবেশ করা যাবে। ফলে বিশেষ করে কলকাতা ডার্বির মতো বড় ম্যাচের আগে সমর্থকদের ভোগান্তি অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।
বুধবার ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ বলেন, “আমরা প্রথম বার পেপারলেস টিকিট চালু করতে চলেছি। আর কখনও স্ট্যাম্পিং নিয়ে ছোটাছুটি করতে হবে না। অনলাইন টিকিট নিয়েই স্টেডিয়ামে ঢোকা যাবে। ইন্ডিয়ান আর্মি এবং ডিপার্টমেন্ট অফ ইয়ুথ সার্ভিসেস অ্যান্ড স্পোর্টসকে ধন্যবাদ। এনজয় ফুটবল।” দীর্ঘদিন ধরে এই ব্যবস্থার দাবি উঠলেও এত দিন তা কার্যকর হয়নি।
এ বারের ডুরান্ড কাপ চলবে আগামী ২৩ অগস্ট পর্যন্ত। প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মোট ২৪টি দল। ‘এ’ গ্রুপেই রয়েছে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। ক্রীড়ামন্ত্রী আরও জানিয়েছেন, ডুরান্ড কাপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার ইচ্ছা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সব কিছু পরিকল্পনামাফিক চললে তিনিই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।




