কলকাতা, নিউজ ডেস্ক: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-কে কেন্দ্র করে রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়ালকে নিয়ে সমাজমাধ্যমে মন্তব্য করে বিপাকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করে আলিপুর আদালতের (Alipore Court) দ্বারস্থ হয়েছিলেন মনোজ আগরওয়াল। বৃহস্পতিবার এই সংক্রান্ত শুনানি ছিল আলিপুর আদালতে। সেখানে বিচারপতির কড়া নির্দেশ, মনোজ আগরওয়ালকে নিয়ে করা বিতর্কিত দু’টি পোস্ট ২৪ ঘণ্টার মধ্যে মুছে ফেলতে হবে মহুয়াকে। লিখিতভাবে ক্ষমাও চাইতে হবে তাঁকে।
মামলার সূত্রপাত মহুয়া মৈত্রের ৩ ও ৬ অক্টোবরের দু’টি এক্স পোস্টকে ঘিরে। সেখানে SIR প্রক্রিয়ার সঙ্গে যুক্ত মনোজ আগরওয়ালকে ‘ভোটচোর’ বলে উল্লেখ করার পাশাপাশি, বৈধ ভোটারদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার জন্য তাঁকে দায়ী করেছিলেন বলে অভিযোগ। মনোজ আগরওয়ালকে ‘ভোটচোর’ বলে কটাক্ষমূলক পোস্ট করেছিলেন সাংসদ মহুয়া মৈত্র। তাঁর ব্যাখ্যা ছিল, এসআইআরের নামে প্রচুর ‘বৈধ’ ভোটারের নাম দেওয়া হয়েছে। এভাবে তাঁদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে যাঁর নেতৃত্বে, তিনি তো ‘ভোটচোর।’ আরেকটি পোস্টে মহুয়া মৈত্রের বক্তব্য, ‘দেশ এবার আপনাকে ধাওয়া করবে। ছাড় পাবেন না।’ এই মন্তব্যকে মানহানিকর দাবি করে আদালতের দ্বারস্থ হন মনোজ আগরওয়াল। তাঁর অভিযোগ, এই ধরনের বক্তব্য তাঁর পেশাগত ভাবমূর্তি ও সম্মান ক্ষুণ্ণ করেছে।
আদালত জানিয়েছে, SIR প্রক্রিয়া বা সরকারি সিদ্ধান্তের সমালোচনা করা যাবে। তবে নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মানহানিকর অভিযোগের পুনরাবৃত্তি করা যাবে না। মানহানির ক্ষতিপূরণ হিসেবে ১০ কোটি টাকা এবং আইনি ও আনুষঙ্গিক খরচ বাবদ আরও ৫০ হাজার টাকা দিতে হবে। পাশাপাশি, একই ধরনের মানহানিকর মন্তব্য নতুন করে প্রকাশ করা বা পুরনো মন্তব্য ফের পোস্ট করার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ৫ জানুয়ারি। ফলে SIR-কে কেন্দ্র করে মহুয়া মৈত্র ও মনোজ আগরওয়ালের আইনি সংঘাত আগামী দিনে কোন দিকে এগোয়, এখন সেদিকেই নজর।




