নয়াদিল্লি: লস্কর-ই-তইবার কমান্ডার লতিফ ভাটের মৃত্যুকেই সন্ত্রাসবিরোধী লড়াইয়ে বড় মাইলফলক বলে উল্লেখ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে দেশজুড়ে জঙ্গি নেটওয়ার্ক, অর্থের জোগান এবং আন্তর্জাতিক অপরাধচক্রের বিরুদ্ধে সমন্বিত অভিযানের ডাক দিলেন তিনি।
লতিফের মৃত্যুর পরই স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা
৩৫ বছর পর কাশ্মীরে আর কোনও ভারতীয় বংশোদ্ভূত জঙ্গি নেই। বৃহস্পতিবার দিল্লিতে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) আয়োজিত দু’দিনের সন্ত্রাসবিরোধী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দক্ষিণ কাশ্মীরের কুলগামে নিরাপত্তাবাহিনীর অভিযানে লস্কর-ই-তইবার জঙ্গি লতিফ ভাটের মৃত্যুর পর এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান তিনি।
শাহের কথায়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে এটি একটি উল্লেখযোগ্য মাইলফলক। দীর্ঘ ৩৫ বছর পর উপত্যকায় ভারতীয় বংশোদ্ভূত জঙ্গির উপস্থিতি নেই বলে দাবি করেন তিনি। উল্লেখ্য, গত বুধবার কুলগামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয় লতিফ। ১১ নভেম্বর সিআরপিএফের একটি পোস্টে হামলার ঘটনায় তার নাম জড়িয়েছিল। ওই হামলায় তিন জন আধাসেনা কর্মী আহত হয়েছিলেন। লতিফের মাথার দাম ছিল ১৫ লক্ষ টাকা।
শুধু জঙ্গি নয়, ভাঙতে হবে গোটা নেটওয়ার্ক
সন্ত্রাস দমনে বিচ্ছিন্ন অভিযান নয়, গোটা জঙ্গি নেটওয়ার্ককে চিহ্নিত করে ধ্বংস করার উপর জোর দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর বক্তব্য, জঙ্গিদের পাশাপাশি তাদের অর্থের জোগানদার, আশ্রয়দাতা, সহযোগী এবং নেপথ্যের চক্রের বিরুদ্ধেও একযোগে পদক্ষেপ করতে হবে। আর্থিক তদন্তকারী সংস্থাগুলির সঙ্গে নিরাপত্তা সংস্থার সমন্বয় আরও বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি।
শাহের কথায়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বিত কৌশল জরুরি। দেশের প্রতিটি থানার স্তর পর্যন্ত একই ধরনের সন্ত্রাসবিরোধী ব্যবস্থা কার্যকর করার পরিকল্পনার কথাও জানান তিনি। তাঁর মতে, কোনও সন্ত্রাসবাদী হামলা ঘটে যাওয়ার পর অভিযুক্তকে গ্রেফতার করাই যথেষ্ট নয়। হামলার আগেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জঙ্গিদের চিহ্নিত করে আটক করতে পারাই একটি সফল নিরাপত্তা সংস্থার পরিচয়।
শাহজাদ ভাট্টি নেটওয়ার্কে ২৭১ জন গ্রেফতার
সম্মেলনে পাকিস্তানভিত্তিক গ্যাংস্টার শাহজাদ ভাট্টির নেটওয়ার্কের বিরুদ্ধে অভিযানের পরিসংখ্যানও তুলে ধরেন শাহ। তাঁর দাবি, বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন বা ইউএপিএ-র অধীনে ওই নেটওয়ার্ককে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়েছে। দেশজুড়ে তার ৪০টিরও বেশি মডিউল নিষ্ক্রিয় করা হয়েছে। এই নেটওয়ার্কের বিরুদ্ধে ১০০টির বেশি মামলা দায়ের হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে ২৭১ জনেরও বেশি ব্যক্তিকে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ২০২২ সালের সেপ্টেম্বরে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই)-র বিরুদ্ধে ১১টি রাজ্যে একযোগে অভিযান চালানো হয়েছিল। কেন্দ্রীয় সংস্থা ও বিভিন্ন রাজ্যের পুলিশের সমন্বিত সেই অভিযানকে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে তুলে ধরেন তিনি।
৩৬ দেশ থেকে দেশে ফেরানো হয়েছে ৩০৩ জন পলাতককে
দেশের বাইরে আত্মগোপন করে থাকা অপরাধী ও পলাতকদের ফিরিয়ে আনার ক্ষেত্রেও সাফল্যের দাবি করেছেন শাহ। তাঁর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯ সাল থেকে বিশেষ অভিযানের মাধ্যমে ৩৬টি দেশ থেকে ৩০৩ জন পলাতককে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। এই কাজে সিবিআই, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং গোয়েন্দা সংস্থাগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে জানান তিনি।
সন্ত্রাসবাদ, সংগঠিত অপরাধ এবং মাদক পাচার—এই তিন বিপদের মোকাবিলায় বিদেশে আশ্রয় নেওয়া অপরাধীদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা জরুরি বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সাইবার নজরদারি ও সীমান্ত নিরাপত্তায় বাড়তি জোর
সন্ত্রাসবাদী কার্যকলাপে প্রযুক্তির ব্যবহার বাড়ছে বলে রাজ্যগুলির অ্যান্টি টেররিস্ট স্কোয়াড বা এটিএসের সাইবার বিশেষজ্ঞ দলকে আরও শক্তিশালী করার পরামর্শ দিয়েছেন শাহ। থানাস্তরে সংগৃহীত গোয়েন্দা তথ্য যাতে একাধিক প্রশাসনিক স্তর পেরিয়ে পুলিশের ডিজি পর্যন্ত পৌঁছতে পারে, তার জন্য নির্দিষ্ট ব্যবস্থা গড়ে তোলার কথাও বলেছেন তিনি।
সীমান্তবর্তী রাজ্যগুলিতে আঞ্চলিক নিরাপত্তা
ব্যবস্থাকে আরও মজবুত করার উপর জোর দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর বক্তব্য, সন্ত্রাসবিরোধী অভিযানে কেন্দ্র ও রাজ্যের লক্ষ্য এক হওয়া প্রয়োজন। পাশাপাশি প্রতিটি স্তরে দায়িত্ব নির্দিষ্ট করতে হবে, যাতে কোনও ব্যর্থতার দায় এড়ানোর সুযোগ না থাকে।
সম্মেলনে এনআইএ-র নতুন প্রকাশনা ‘ফেল-সেফ ইনভেস্টিগেশন’ প্রকাশ করেন শাহ। সংস্থার ‘পুষ্টি’ পোর্টালের উদ্বোধনও করেন তিনি। চণ্ডীগড়ে এনআইএ-র নতুন দফতর তৈরির শিলান্যাস এবং দিল্লির ময়দানগড়িতে সংস্থার আবাসন উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন, গোয়েন্দা ব্যুরোর অধিকর্তা মহেশ দীক্ষিত এবং এনআইএ-র ডিজি রাকেশ আগরওয়াল-সহ দেশের বিভিন্ন রাজ্যের পুলিশ ও নিরাপত্তা সংস্থার আধিকারিকেরা।




