নয়াদিল্লি: সংসদে আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল ঘিরে জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে নতুন সমীকরণের লড়াই। একদিকে কেন্দ্রের শাসক শিবির, অন্যদিকে বিরোধী জোট— দুই পক্ষেরই নজর এখন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের দিকে। প্রস্তাবিত ডিলিমিটেশন বিল এবং মহিলাদের জন্য লোকসভায় ৩৩ শতাংশ আসন সংরক্ষণের বিষয়টি সামনে রেখে ডিএমকের সমর্থন আদায়ে তৎপর হয়েছে দু’পক্ষই।
সংসদে বিল পাশ করানোর ক্ষেত্রে ডিএমকের সাংসদ সংখ্যা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। লোকসভায় ডিএমকের ২২ জন এবং রাজ্যসভায় ৮ জন সাংসদ রয়েছেন। ফলে বিলের পক্ষে বা বিপক্ষে সংখ্যার অঙ্কে দলটির অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।
সূত্রের দাবি, বিরোধী দলনেতা রাহুল গান্ধী নিজে এমকে স্ট্যালিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন। এমনকি তাঁকে ফোনও করেছিলেন বলে জানা গিয়েছে। তবে স্ট্যালিন সেই ফোন এড়িয়ে গিয়েছেন বলে রাজনৈতিক সূত্রের দাবি। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও পক্ষের বক্তব্য সামনে আসেনি। বিরোধী শিবিরের তরফে স্ট্যালিনকে পাশে পাওয়ার জন্য কূটনৈতিক তৎপরতা চলছে।
অন্যদিকে, ডিএমকের সমর্থন পেতে সক্রিয় কেন্দ্রীয় শাসক শিবিরও। বুধবার গভীর রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে জরুরি বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে বিজেপি সূত্রের দাবি, সংসদের শীতকালীন অধিবেশন, কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্ভাব্য সম্প্রসারণ এবং ডিলিমিটেশন বিল নিয়ে রাজনৈতিক ও সংসদীয় অঙ্ক আলোচনায় উঠে আসে।
এ ছাড়াও তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দেওয়া ২০ জন বিদ্রোহী সাংসদের ভবিষ্যৎ নিয়েও আলোচনা হয়েছে বলে দাবি করা হয়েছে।
উল্লেখ্য, লোকসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের লক্ষ্যকে সামনে রেখে আসন পুনর্বিন্যাসের প্রস্তাব নিয়ে রাজনৈতিক বিতর্ক ক্রমশ বাড়ছে। বিরোধীদের একাংশের আশঙ্কা, ডিলিমিটেশনের মাধ্যমে বিভিন্ন রাজ্যের লোকসভা আসনের অনুপাত বদলে যেতে পারে। বিশেষত দক্ষিণ ভারতের রাজ্যগুলির প্রতিনিধিত্বের প্রশ্নটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সব মিলিয়ে, ডিলিমিটেশন বিল ঘিরে সংসদীয় লড়াইয়ের আগে স্ট্যালিনের অবস্থান এখন জাতীয় রাজনীতির অন্যতম আলোচিত বিষয়। শেষ পর্যন্ত ডিএমকে কোন শিবিরের পাশে দাঁড়ায়, নাকি নিজস্ব অবস্থানেই অনড় থাকে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।




