কলকাতা: আদালত ও বিচারপতিদের সম্পর্কে লাগাতার মন্তব্য নিয়ে শুক্রবার ফের কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর আইনজীবীকে কার্যত সতর্ক করে বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দিলেন, হাইকোর্টের নির্দেশের পরেও একজন জনপ্রতিনিধির এভাবে ধারাবাহিক মন্তব্য করা নিয়ে আদালতের অসন্তোষ রয়েছে।
শুনানিতে বিচারপতির পর্যবেক্ষণ, হাইকোর্টের নির্দেশের পরেও একজন জনপ্রতিনিধি ধারাবাহিকভাবে মন্তব্য করে যাচ্ছেন। তিনি হয়তো ভুলে যাচ্ছেন, তাঁর যেমন সমর্থক রয়েছেন, তেমনই তাঁর মন্তব্যের প্রভাবও রয়েছে। এই ধরনের মন্তব্যের ফলে বিচারব্যবস্থার প্রতি মানুষের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে।
অভিষেকের আইনজীবীর উদ্দেশে বিচারপতি সৌগত ভট্টাচার্যের তাৎপর্যপূর্ণ মন্তব্য, ‘ইনোসেন্ট সাজার কারণ নেই। সবাই সব কিছু জানে।’ আদালতের এই পর্যবেক্ষণ ঘিরে শুক্রবার নতুন করে চর্চা শুরু হয়েছে।
একজন জনপ্রতিনিধির প্রকাশ্য বক্তব্য এবং বিচারব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থার প্রশ্নটিই এদিনের শুনানিতে বিশেষ গুরুত্ব পেয়েছে। আদালতের নির্দেশের পরেও কেন ধারাবাহিকভাবে এমন মন্তব্য করা হচ্ছে, তা নিয়েই কার্যত প্রশ্ন তুলেছেন বিচারপতি।
এদিন বিচারপতির বক্তব্যে স্পষ্ট, আদালত ও বিচারপতিদের সম্পর্কে প্রকাশ্যে মন্তব্য করার ক্ষেত্রে জনপ্রতিনিধিদের দায়িত্বশীল আচরণের প্রত্যাশা রয়েছে। বিশেষ করে আদালতের নির্দেশের পরেও একই ধরনের মন্তব্য অব্যাহত থাকলে তার প্রভাব বিচারব্যবস্থার মর্যাদার উপর পড়তে পারে বলেই পর্যবেক্ষণ আদালতের।




