পশ্চিম মেদিনীপুর, স্নিগ্ধা চৌধুরী: অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে শুক্রবার রাজ্যের একাধিক জেলায় বিক্ষোভ দেখালেন মহিলারা। কোথাও প্রশাসনিক দফতরের সামনে বিক্ষোভ, কোথাও আবার রেললাইন ও জাতীয় সড়ক অবরোধের জেরে ভোগান্তিতে পড়লেন সাধারণ মানুষ। পশ্চিম মেদিনীপুরে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে বৈঠক ছেড়ে নীচে নামতে হয় পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে।
শুক্রবার পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের দফতরে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন অগ্নিমিত্রা। বৈঠক চলাকালীন বেশ কিছু মহিলা দফতরের নীচতলায় ঢুকে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে মন্ত্রী বৈঠক ছেড়ে তাঁদের সঙ্গে কথা বলতে নীচে নেমে আসেন। বিক্ষোভকারীদের অভিযোগ, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন এবং প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরেও তাঁরা টাকা পাননি। অগ্নিমিত্রা তাঁদের এসডিও এবং বিডিও অফিসে প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরামর্শ দেন। সমস্যার সমাধানের জন্য একজন নোডাল অফিসার নিয়োগের কথাও বলেন তিনি।
অন্য দিকে, উত্তর ২৪ পরগনার বিরাটিতে অন্নপূর্ণার টাকা না পাওয়ার অভিযোগে রেললাইন অবরোধ করেন কয়েকশো মহিলা। এর জেরে দুপুরে এক ঘণ্টারও বেশি সময় লোকাল ট্রেন চলাচল ব্যাহত হয়। একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ায় সমস্যায় পড়েন যাত্রীরা। পরিস্থিতি সামাল দিতে রেল পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।
হাবড়াতেও একই অভিযোগে রেললাইন ও পুরসভায় বিক্ষোভ হয়। বিক্ষোভকারীদের দাবি, একাধিক বার নথি যাচাইয়ের পরেও তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তাঁদের প্রশ্ন, যোগ্য উপভোক্তাদের টাকা দেওয়া হলে তাঁদের কেন বঞ্চিত করা হচ্ছে?
শুধু উত্তর ২৪ পরগনা নয়, হুগলির চণ্ডীতলা-২ বিডিও অফিসেও টাকা না পাওয়ার অভিযোগে বিক্ষোভ দেখান মহিলারা। বাঁকুড়ার বিষ্ণুপুরে মহকুমাশাসকের দফতরের সামনে রাস্তা অবরোধ করেন তাঁরা। বড়জোড়াতেও বিডিও অফিসের সামনে বিক্ষোভের জেরে বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয়।
উত্তরবঙ্গেও দেখা যায় একই ছবি। ধূপগুড়িতে প্রায় দু’শো মহিলা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। পরে বিডিও অফিসেও তাঁরা অভিযোগ জানান। টাকা না পাওয়া যোগ্য উপভোক্তাদের দ্রুত অর্থ দেওয়ার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। তাঁদের হুঁশিয়ারি, দ্রুত সমস্যার সমাধান না হলে আরও বড় আন্দোলনে নামবেন তাঁরা।