নিউজ ডেস্ক: নির্বাচন কমিশনের বিরুদ্ধে ইন্ডিয়া ব্লকের বিক্ষোভ ঘিরে দিল্লিতে রাজনৈতিক উত্তেজনা অব্যাহত। কমিশনের দফতরের উদ্দেশে বিরোধী সাংসদদের মিছিলের মধ্যেই তিনটি গুরুত্বপূর্ণ দাবি সামনে আনলেন শিবসেনা (উদ্ধব) সাংসদ অরবিন্দ সাওয়ান্ত।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাওয়ান্ত জানান, তাঁদের প্রথম দাবি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদ থেকে সরানো। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে এই দাবিতে সরব হয়েছে বিরোধী শিবির।
দ্বিতীয় দাবি, নির্বাচন ব্যালট পেপারে করানোর ব্যবস্থা করতে হবে। ইভিএমের পরিবর্তে ব্যালট পেপারে ভোটগ্রহণের দাবি দীর্ঘদিন ধরেই বিরোধী দলগুলির একাংশের রাজনৈতিক আলোচনায় রয়েছে। এই কর্মসূচির মঞ্চ থেকেও সেই দাবি সামনে আনলেন সাওয়ান্ত।
তৃতীয়ত, SIR বা স্পেশাল ইনটেনসিভ রিভিশনের সময় ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের নাম ফের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন তিনি। বিরোধীদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় বহু মানুষের নাম বাদ পড়েছে।
এই তিন দাবিকে সামনে রেখেই নির্বাচন কমিশনের দফতরের দিকে মিছিল করেছে ইন্ডিয়া ব্লকের সাংসদরা। মিছিল আটকে দেওয়ার পর রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে আটক করে পুলিশ। পরে তাঁরা পুলিশ বাস থেকে নেমে ফের নির্বাচন কমিশনের দফতরের দিকে যাওয়ার চেষ্টা করেন।
ঘটনাকে কেন্দ্র করে রাজধানীতে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়েছে। বিরোধীদের এই দাবিগুলির জবাবে নির্বাচন কমিশনের অবস্থান কী হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।