ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত এক দিনের সিরিজে রোহিত শর্মার অবসর নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল। প্রথম দুই ম্যাচে ব্যর্থতার পর বিভিন্ন মহলে দাবি করা হয়, লর্ডসে সিরিজের শেষ ম্যাচই নাকি ভারতের জার্সিতে তাঁর শেষ ওডিআই হতে পারে। এমনকি নির্বাচকেরা নাকি ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনায় তাঁকে রাখছেন না বলেও গুঞ্জন ছড়ায়। যদিও বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া স্পষ্ট জানিয়ে দেন, এই সব জল্পনার কোনও ভিত্তি নেই। এরপরই লর্ডসে ১৩৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে সব বিতর্কের কার্যত জবাব দেন রোহিত।
তবে ভারতের প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন মনে করেন, গোটা বিষয়টিকে শুধুই "বাইরের আওয়াজ" বলে উড়িয়ে দেওয়া ঠিক হবে না। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, “তামিলে একটা প্রবাদ আছে— আগুন ছাড়া ধোঁয়া হয় না। অর্থাৎ কিছু না কিছু ব্যাপার অবশ্যই ছিল। তবে রোহিত রান করে দেখিয়ে দিয়েছে, ও এখনও পারবে। আমার মনে হয়, ২০২৭ বিশ্বকাপ খেলার ব্যাপারে রোহিতের নিজের মনে কোনও সংশয় নেই।”
অশ্বিনের মতে, রোহিতের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাঁর ফিটনেস। তিনি বলেন, “চোটের পর এটাই রোহিতের প্রত্যাবর্তনের পথ। ও যদি আরও একটু ভালো শারীরিক অবস্থায় থাকত বা আরও আত্মবিশ্বাসী থাকত, তা হলে ১৮০ রানও করতে পারত এবং দলকে জেতাতে পারত। আমার মনে হয়েছে, রোহিত দুর্দান্ত ছন্দে রয়েছে।”
একই সঙ্গে বিরাট কোহলি ও রোহিত শর্মার মতো ক্রিকেটারদের দল থেকে বাদ দেওয়া যে সহজ নয়, সেটাও স্পষ্ট করে দেন অশ্বিন। তাঁর কথায়, “ওরা যদি খেলতে চায়, তা হলে বোর্ড সহজে ওদের বাদ দিতে পারবে না। ভারতীয় ক্রিকেটে ওদের অবদানই তার প্রধান কারণ। রোহিত প্রায় ১২ হাজার রান করেছে। আর একটা বিষয় হল, ওদের বিপুল সমর্থক রয়েছে। মানুষ ওদের খেলাই দেখতে মাঠে আসে। ওদের বাদ দিলে বিরাট প্রতিক্রিয়া তৈরি হবে।”




