স্পোর্টস ডেস্ক: তাঁকে নিয়ে প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশা পূরণও করলেন মীরাবাঈ চানু। বুধবার আইচি-নাগোয়া এশিয়ান গেমসের চতুর্থ দিনে মহিলাদের ৪৯ কেজি ভারোত্তোলনে রুপো জিতে ইতিহাস গড়লেন তিনি। মোট ১৯৮ কেজি ওজন তুলে এশিয়াডে নিজের প্রথম রুপো নিশ্চিত করেন ভারতীয় তারকা। স্ন্যাচে ৯৪ কেজির পর ক্লিন অ্যান্ড জার্কে ১১১ কেজি তোলেন তিনি। শেষ পর্যন্ত ২১০ কেজি তুলে সোনা জিতেছেন উত্তর কোরিয়ার রি সং গুম। ১৯১ কেজি তুলে ব্রোঞ্জ পেয়েছেন ইন্দোনেশিয়ার উইজায়ানা।
দেখুন: https://x.com/BJPShanthikumar/status/2102686476643569923?s=20
মীরাবাইয়ের এই রুপো এশিয়ান গেমসে তাঁর প্রথম পদকও বটে। এ ছাড়া এ দিন পুরুষদের কবাডিতে আরও একটি পদক নিশ্চিত হয়েছে ভারতের। গ্রুপ ‘এ’-র ম্যাচে বাংলাদেশকে ৪৮-২৫ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ভারতীয় দল। এখনও পর্যন্ত গ্রুপ পর্বে অপরাজিত ভারত। ফলে কবাডিতে অন্তত একটি পদক নিশ্চিত হয়েছে। অন্য দিকে, সফট টেনিসেও নয়া ইতিহাস তৈরি করেছেন জয় মীনা। পুরুষদের সিঙ্গলস সেমিফাইনালে জাপানের তাকুয়া কুরোসাকার কাছে ২-৪ ব্যবধানে হারলেও ব্রোঞ্জ নিশ্চিত করেছেন তিনি। এশিয়ান গেমসের ইতিহাসে সফট টেনিসে এটিই ভারতের প্রথম পদক।
দেখুন: https://x.com/thetatvaindia/status/2102671254788649085?s=20
ব্যাডমিন্টনে পুরুষদের দলগত ইভেন্টের সেমিফাইনালে অবশ্য শুরুতেই ধাক্কা খেয়েছে ভারত। চিনের শি ইউ ছির কাছে সরাসরি দুই গেমে হেরে গিয়েছেন লক্ষ্য সেন। ১৬-২১, ১৮-২১ ব্যবধানে হেরে প্রথম পয়েন্টটি চিনকে তুলে দেন তিনি। অন্যদিকে আবার হকিতে দাপট ভারতের। মহিলাদের পুল ‘বি’-র ম্যাচে থাইল্যান্ডের বিরুদ্ধে প্রথমার্ধেই ১১-০ এগিয়ে যায় ভারত। দীপিকা একাই চারটি গোল করেন, যার মধ্যে তিনটি এসেছে পেনাল্টি কর্নার থেকে। নাভনীত কৌর ও ঋতুজা পিসালও গোল করেন। শেষ পর্যন্ত ২১-০ জয় ছিনিয়ে নিয়েছে ভারত
দিনের শুরুতেই সফট টেনিসে জয় মীনার পদক নিশ্চিত হওয়ার পাশাপাশি শুটিংয়েও ভারত ব্রোঞ্জ পেয়েছে। মহিলাদের স্কিট টিম ইভেন্টে রাইজা ধিলন, পারিনাজ ধালিওয়াল ও মহেশ্বরী চৌহান ৩৩১ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতেছেন। শুটিংয়ে মনু ভাকের অবশ্য মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ফাইনালে পঞ্চম হয়েছেন। এ ছাড়া উশুতে রোশিবিনা দেবী পদক নিশ্চিত করেছেন। ফলে চতুর্থ দিনে একের পর এক ইভেন্টে ভারতের পদকের সম্ভাবনা তৈরি হচ্ছে। এশিয়াডের মঞ্চে ভারতীয় দলের অভিযানও এগোচ্ছে একাধিক ফ্রন্টে।