নিউজ ডেস্ক: আজ দীপাবলি। সেই আনন্দে কর্মীদের মুখে হাসি ফোটাতে নজিরবিহীন উদ্যোগ নিলেন গুজরাতের সুরাটের এক বস্ত্র ব্যবসায়ী। এই উৎসবের মরশুমে নিজের সংস্থার ২০ জন মহিলা কর্মীকে এক লক্ষ টাকারও বেশি নগদ বোনাস দিলেন ব্যবসায়ী রামস্বরূপ মুন্ডে। সব মিলিয়ে কর্মীদের মধ্যে ২০ লক্ষ টাকারও বেশি অর্থ বিতরণ করেছেন তিনি। আর তাঁর এই ব্যতিক্রমী উদ্যোগের ভিডিও হু হু করে ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে প্রশংসার ঝড়।
জানা গিয়েছে, সুরাটের মোটা বরাছা এলাকার মহাদেব ক্লথ সেন্টারের মালিক রামস্বরূপ মুন্ডে। তবে তিনি কর্মীদের হাতে সরাসরি খামে টাকা তুলে দেননি। বরং রুপোলি রঙের সাজানো পুজোর থালায় ১০, ২০, ৫০, ১০০, ২০০ এবং ৫০০ টাকার নোটের বান্ডিল সাজিয়ে রাখা হয়েছিল। এরপর কর্মীদের হাতে তুলে দেওয়া হয় সেই উপহার। এই বিশেষ আয়োজনে ব্যবসায়ীর স্ত্রীও উপস্থিত ছিলেন। তাঁর হাত দিয়েই কর্মীদের উপহার তুলে দেওয়া হয়। প্রত্যেকের প্রাপ্ত অর্থের পরিমাণ ছিল এক লক্ষ টাকার বেশি। এমন উপহার পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি কর্মীরা। ভিডিওতে একাধিক মহিলাকে চোখের জল ফেলতেও দেখা গিয়েছে।
কেন এমন উদ্যোগ? এই প্রশ্নের উত্তরে ব্যবসায়ী রামস্বরূপ মুন্ডের বলেন, তাঁর কাছে কর্মীরা শুধুমাত্র সংস্থার কর্মী নন, তাঁরা পরিবারেরই সদস্য। ব্যবসার উন্নতির পিছনে তাঁদের পরিশ্রম ও নিষ্ঠার বড় ভূমিকা রয়েছে। তাই ব্যবসার সাফল্যের আনন্দ তাঁদের সঙ্গেও ভাগ করে নিতে চান তিনি। নিজের ছোটবেলার আর্থিক অনটনের অভিজ্ঞতার কথাও জানিয়েছেন ব্যবসায়ী। সেই কারণেই উৎসবের সময় কর্মীদের পরিবারের যাতে আর্থিক চাপ না থাকে, সেই ভাবনা থেকেই এই উপহার দেওয়ার সিদ্ধান্ত।
নেটিজেনদের একাংশের বক্তব্য, কর্মীদের প্রকৃত সম্মান দেওয়ার এমন উদাহরণ সত্যিই প্রশংসনীয়। কেউ কেউ আবার মজার ছলে এমন সংস্থায় চাকরি পাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন।




