স্পোর্টস ডেস্ক: ব্যাট হাতে একাই লড়েছিলেন অর্জুন রাজপুত। তাঁর দুরন্ত শতরানে ভর করে লড়াই করার মতো রানও তুলেছিল ভারত। কিন্তু শেষ পর্যন্ত সেই লড়াই জয়ের মুখ দেখল না। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচে ভারতের ২০৮ রান তাড়া করে ৩ উইকেটে জিতে গেল পাকিস্তান। জয়ের নায়ক উইকেটকিপার ব্যাটার হামজা জহুর। ১০৮ বলে ১০০ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন তিনি।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। কিন্তু শুরুটা একেবারেই ভাল হয়নি। প্রথম বলেই লক্ষ রায়চন্দানি ফিরে যান শূন্য রানে। আর্যবীর সেহওয়াগ ৪৪ বলে ২২ রান করলেও বড় ইনিংস খেলতে পারেননি। একের পর এক উইকেট পড়তে থাকায় চাপে পড়ে যায় ভারত। ব্যর্থ হন ভিকে বিনীত, যশবর্ধন চৌহান এবং অন্বয় দ্রাবিড়ও। তবে একদিকে উইকেটের পতন চললেও অন্য প্রান্তে লড়াই চালিয়ে যান অর্জুন।
মাত্র ৮৫ বলে ১০৭ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল ১২টি চার ও ৪টি ছয়। মাঝের ওভারে মানাল চৌহান ১১ এবং কাব্য প্যাটেল ২৩ রান করে কিছুটা সাহায্য করেন। তবু নির্ধারিত ৫০ ওভার শেষ হওয়ার আগেই ৪৬.৩ ওভারে ২০৮ রানে অলআউট হয়ে যায় ভারত। পাকিস্তানের হয়ে আলি রাজা, রিজওয়ানুল্লাহ ও নিখাব শফিক প্রত্যেকেই ৩টি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ৬১ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে যাওয়ার মুখে ছিল তারা। জাহাঙ্গির বিলাল ৫ এবং উসমান খান ১৬ রান করে ফেরেন। ভারতের হয়ে মানাল চৌহান গুরুত্বপূর্ণ দুটি উইকেট তুলে নেন। ইশান সুদ, কাব্য প্যাটেল ও মহিত উলভাও উইকেট পান।
কিন্তু সেখান থেকেই ম্যাচের রং বদলে দেন হামজা। তাঁকে যোগ্য সঙ্গত দেন হুসনাইন আব্বাস দার। দু’জনে ষষ্ঠ উইকেটে ১০৭ রানের জুটি গড়ে পাকিস্তানকে লড়াইয়ে ফেরান। হুসনাইন করেন ৩৫ রান। অন্যদিকে, এক প্রান্ত আগলে রেখে শতরান পূর্ণ করেন হামজা। শেষ পর্যন্ত ৪৮.১ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।
অর্জুনের দুরন্ত শতরান তাই শেষ পর্যন্ত থেকে গেল পরাজিত দলের স্মৃতি হয়ে। ভারতের বোলাররা শুরুতে যে চাপ তৈরি করেছিলেন, তা ধরে রাখতে না পারার খেসারত দিতে হল গোটা দলকে। হামজার শতরানে তিন উইকেটের জয় ছিনিয়ে নিয়ে মাঠ ছাড়ল পাকিস্তান।




