নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ! অক্টোবরের শেষেই কি তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড়? আবহাওয়ার এই সম্ভাবনা ঘিরে নতুন করে নজর রাখছে আবহাওয়া দফতর। প্রাথমিক পূর্বাভাসে নিম্নচাপের শক্তি বাড়ার ইঙ্গিত মিলেছে। তবে এই ঘূর্ণিঝড়ের গতিপথ এবং কোথায় আছড়ে পড়তে পারে, তা এখনও নিশ্চিত নয়। আবহাওয়া দফতরের সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন মধ্য-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। আগামী কয়েক দিনে সেটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। পূর্বাভাস অনুযায়ী, ২৬ অক্টোবর নাগাদ ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে। তারপর সেটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে যেতে পারে। তবে এর গতিপথ ও তীব্রতা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনোর সময় এখনও আসেনি।
এই পরিস্থিতিতে উপকূলবর্তী এলাকায় সতর্কতা বাড়ানো হচ্ছে। সমুদ্রে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা থাকায় মৎস্যজীবীদের জন্যও সতর্কবার্তা জারি হয়েছে। আবহাওয়ার পরিস্থিতি বুঝে তবেই সমুদ্রে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, বাংলার আবহাওয়ার দিকেও নজর রয়েছে। নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের কিছু জেলায় ২৭ ও ২৮ অক্টোবর বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। তবে পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় সরাসরি আছড়ে পড়বে, এমন কোনও নিশ্চিত পূর্বাভাস এখনও নেই।
তাই আতঙ্কিত না হয়ে আবহাওয়া দফতরের পরবর্তী খবরের দিকে নজর রাখুন। বিশেষ করে উপকূলবর্তী এলাকার বাসিন্দা ও মৎস্যজীবীদের সরকারি নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।




