কলকাতা, নিউজ ডেস্ক: আসন্ন আফগানিস্তান সিরিজে সত্যিই কি খেলতে পারবেন জশপ্রীত বুমরাহ? ৩ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ এবং এশিয়ান গেমসের জন্য ভারতীয় দলে রাখা হলেও ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিক্যাল টিমের কাছ থেকে এখনও পর্যন্ত ফিটনেসের ছাড়পত্র পাননি তারকা পেসার। হাঁটুর চোটের কারণে দীর্ঘ দিন ধরেই ভুগছেন তিনি। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, বুমরাহ-র বিকল্প হিসাবেও এক তরুণ পেসারকে তৈরি রাখার পরিকল্পনা করছে নির্বাচক কমিটি। এক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বুমরাহ-র সম্ভাব্য বিকল্প হিসেবে লখনউ সুপার জায়ান্টসের পেসার প্রিন্স যাদবকে চিহ্নিত করা হয়েছে।
গত ১৬ জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে হাঁটুতে আঘাত পেয়েছিলেন বুমরাহ। সেই ধাক্কায় তাঁর পুরনো চোট ফের মাথাচাড়া দেয় বলে খবর। তার পর থেকে আর বল হাতে দেখা যায়নি তাঁকে। কবে মাঠে ফিরবেন, তা নিয়েও এখনও নিশ্চিত করে কিছু বলতে পারছে না বোর্ড। বুমরাহকে নিয়ে তাই কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু ১৩ সেপ্টেম্বর। তার আগে দিল্লিতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে খেলোয়াড়দের।
তবে তার আগে বুমরাকে কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। রিপোর্ট অনুযায়ী, বুমরাহ-র পাশাপাশি নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর এবং হর্ষিত রানাকেও এক সপ্তাহ ধরে ম্যাচ সিমুলেশনে অংশ নিতে হবে। সেই পরীক্ষার ফল এবং শারীরিক অবস্থার ভিত্তিতেই তাঁদের খেলার ছাড়পত্র দেওয়া হবে। বুমরাহ-র ক্ষেত্রে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ। কারণ তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ন্ত্রণ নিয়ে গত কয়েক মাস ধরেই সতর্ক বোর্ড। পিঠের চোটের পর থেকে তাঁর প্রত্যাবর্তন এবং ম্যাচ খেলার ব্যবধান নিয়েও বার বার প্রশ্ন উঠেছে।
এর মধ্যেই বুমরাহ-র ব্যবস্থাপনা নিয়ে সরব হয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুব্রহ্মণ্যম বদ্রীনাথ। তাঁর দাবি, বুমরাহ-র চোট সামলানোর ক্ষেত্রে অধিনায়ক, কোচ এবং নির্বাচকদের আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল। তাঁর মতে, সেন্টার অফ এক্সিলেন্স কেবল খেলোয়াড়ের শারীরিক অবস্থার রিপোর্ট দেয়। চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেয় না।
ফলে বুমরাহকে নিয়ে যাবতীয় সিদ্ধান্তের দায় টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের উপরই বর্তায়। বুমরাহ-র পাশাপাশি নীতীশ, হর্ষিত, সুন্দর এবং সাই সুদর্শনের চোটও ভারতীয় দলের চিন্তা বাড়িয়েছে। এই পরিস্থিতিতে প্রিন্স যাদবকে তৈরি রাখার সিদ্ধান্ত থেকেই এটা স্পষ্ট যে, বুমরাহকে নিয়ে কোনও ঝুঁকি নিতে নারাজ বিসিসিআই।