নিউজ ডেস্ক: সপ্তাহের মাঝখানেই বিগ বসের ঘরে দুঃসংবাদ। প্রথম মিডউইক এভিকশন, বিগ বসের ঘরে যাত্রা ফুরোলো দীপেন্দুর। প্রতিযোগীদের ভোটে বিগ বস বাংলা থেকে বিদায় নিলেন প্রাক্তন ফুটবলার, অল্পের জন্য বেঁচে গেলেন ঝিলাম। ঘরে তার অংশগ্রহণ কম থাকায় নমিনেট করেছিলেন খোদ বিগ বস। কিন্তু সপ্তাহের মাঝে কেন হঠাৎ এভিকশন হলো। মঙ্গলবারের এপিসোডে জানা যায় যে এই প্রথম মিডউইক এভিকশন হতে চলেছে। অর্থাৎ সপ্তাহের মাঝেই ঘর থেকে বেরিয়ে যাবেন একজন সদস্য। নমিনেশনে ছিলেন দীপেন্দু বিশ্বাস ও ঝিলম গুপ্তা। এদিকে বন্ধ করে রাখা হয়েছিল ভোটিং লাইনও। কিন্তু বুধবার সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যাবে একাধিক সংবাদ প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ঘর থেকে ভোট আউট হয়ে গিয়েছেন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। অর্থাৎ এবারের মত বেঁচে গিয়েছেন ঝিলম। আর এবার এই খবরে অফিসিয়্যাল একটি শীলমোহর পড়লো।
ঝিলম ও দীপেন্দুকে সরাসরি নমিনেট করেন বিগ বস নিজেই। শনিবার দাদার দরবার চলাকালীন সৌরভ গঙ্গোপাধ্যায় জানতে চেয়েছিলেন এমন দুই প্রতিযোগীর নাম যাদের যোগদান খেলায় কম, আর তাতে যে দুটো নাম উঠে আসে তা হল দীপেন্দু ও ঝিলম। অবাক করা ব্যাপার হল, ঝিলম দীপেন্দু নিজেরাও নিজেদেরই নাম নিয়েছিলেন দুর্বল প্রতিযোগী হিসেবে। এরপর সোমবার ঝিলম ও দীপেন্দুকে নমিনেট করেন বিগ বস। আর এভিকশন হল বিগ বসের প্রতিযোগীদের ভোটে।
যদিও নব্বইয়ের দশক এবং দুহাজারের শুরুতে ভারতীয় ঘরোয়া ফুটবলে দাপটের সঙ্গে রাজত্ব করেছেন দীপেন্দু । তিনি ভারতের সেই সব বিরল ফুটবলারদের একজন যিনি কলকাতার তিন প্রধান ক্লাব ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে খেলেছেন। জাতীয় ফুটবল দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন দীপেন্দু ও দলের অধিনায়কত্বও করেছেন। তৃণমূল কংগ্রেসের টিকিটে ২০১৬ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বসিরহাট দক্ষিণ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়ী হন। এরপর ২০২১-সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস থেকে টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দেন তিনি।
যদিও ঝিলমকে নিয়েও ঘরের বাইরে দর্শকরা বেশ হতাশ। ইঁদুর গান বানানো আর পরনিন্দা পরচর্চা ছাড়া কিছুই করেননি সেইভাবে । এমনকি বিগ বসের দেওয়া বিভিন্ন টাস্কে ঝিলমের পার্টিসিপেশন নেই বললেই চলে । এমনকি সৌরভ গঙ্গোপাধ্যায়কেও বারবার সাবধান করতে দেখা গিয়েছিল ঝিলম কে। এখন প্রশ্ন দীপেন্দুর বিদায়ের পর বিগ বসের ঘরে সমীকরণ কোন দিক মোড় নেয়? প্রথম মিডউইক এভিকশন যে প্রতিযোগীদের পাশাপাশি দর্শকদের কাছেও বড় ধাক্কা তা বলাই যায় । অন্যদিকে অল্পের জন্য রক্ষা পেলেও ঝিলমের জন্যে এই বাঁচা কতটা কাজে আসে সেটাই দেখার । আগামী দিনগুলিতে তাকে যদি নিজের উপস্থিতি আরও জোরালো করতে না দেখা যায় তাহলে ফের নমিনেশনে উঠে আসার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
