নিউজ ডেস্ক: বিগ বস বাংলা’র বাড়িতে লাক্সারি টাস্ককে কেন্দ্র করে আবার উত্তেজিত সমস্ত প্রতিযোগি। এই টাস্ককে কেন্দ্র করে বাড়ির সদস্যদের মধ্যে তৈরি হয়েছে নতুন করে উত্তেজনা, কৌশল আর সম্পর্কের নতুন সমীকরণ। এবার লাক্সারি বাজেট টাস্কে প্রতিযোগীদের ভাগ করে দেওয়া হয় - মানুষ এবং রোবট এই দুটি পৃথক দলে। নিয়ম অনুযায়ী এই খেলায় রোবটদের চার্জ সংগ্রহ করতে হবে মানুষদের কাছ থেকে, আর এই চার্জ দেওয়ার দায়িত্বে থাকা মানুষ প্রতিযোগীদের সিদ্ধান্তই হয়ে উঠলো গেমের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিক।
টাস্কের শুরুতেই দেখা যায়, প্রত্যেক প্রতিযোগীরা নিজেদের পছন্দের মানুষকে চার্জ দেওয়ার সুযোগ করে দিচ্ছেন। ফলে গেমের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের সমীকরণও জড়িয়ে যাচ্ছে এখানে। কে কাকে চার্জ দেবেন অর্থাৎ কার পাশে কে দাঁড়াবেন তা নিয়ে শুরু হয় তুমুল আলোচনা। কাছের বন্ধু অথবা প্রিয় প্রতিযোগীদের সাহায্য করতে অনেকেই এগিয়ে আসেন, ফলে লাক্সারি বাজেট জেতার লড়াইয়ের পাশাপাশি সামনে আসে বাড়ির ভিতরে একে অন্যের মধ্যেকার সম্পর্ক।
প্রথমে তনুশ্রী রায় দাস-কে দেখা যায় ভরত কল-কে চার্জ দিতে। অন্যদিকে সোনামণি সাহা চার্জ দেন জীতুকে। নন্দিনী দত্তের ক্ষেত্রেও কোন ব্যতিক্রম ছাড়াই তার প্রিয় প্রতিযোগী রাজবীর এবং মনামী-কে দেখা যায় তার থেকে চার্জ নিতে। অর্থাৎ টাস্কের গুরুত্ব নির্ধারণ করার জন্য জরুরী হয়ে ওঠে পারস্পরিক বন্ধুত্ব ও বোঝাপড়া। দিনের একদম শেষে জীতুর সাথে অন্যান্য প্রতিযোগীদের মনোমালিন্যে জীতুকে বলতে শোনা যায়, সে আর কারুর থেকে চার্জ নেবে না। তার কারণ এখনও স্পষ্ট হয়নি।
তবে শুধু প্ল্যানিং-এই থেমে থাকেনি খেলা। চার্জ দিয়ে রোবটকে সচল রাখা এবং নিজেদের দলের জয় নিশ্চিত করতে বাড়ির পরিবেশ ক্রমশই গরম হয়ে ওঠে। কে ঠিক সময়ে চার্জ পাচ্ছেন এবং কে শেষ পর্যন্ত চার্জ পেলেন না, কোন দল শেষ পর্যন্ত লাক্সারি বাজেটের অধিকারী হবে এই প্রশ্নগুলো ঘিরেই বাড়তে থাকে চাঞ্চল্য। 'মানুষ বনাম রোবট' -এর অভিনব খেলায় কে কতটা কার্যকারী ভূমিকা রাখতে পারেন সেটাই হয়ে উঠেছে এই মুহূর্তে বিগ বস বাংলা'র বাড়ির আলোচনা কেন্দ্রের অন্যতম বিষয়।
একদিকে প্রবল বিতর্ক তৈরি হয়েছে সৃজলার চোট পাওয়াকে কেন্দ্র করে, অন্যদিকে মানুষ বনাম রোবট টাস্কে নতুন করে সামনে এসেছে প্রতিযোগীদের গেমপ্ল্যান। আগামী পর্বে এই ঘটনাগুলির প্রতিফলনে কিভাবে এগোয় বিগ বসের বাড়ি ,বিশেষ করে নন্দিনী ও সৃজলার সম্পর্কের সমীকরণ এবং লাক্সারি বাজেট টাস্কের পরবর্তী ফলাফল কি হয় সেটাই এখন দর্শকদের প্রধান আগ্রহের বিষয়।
