হুগলি, নিউজ ডেস্ক: জনসেবাকে সামনে রেখে হুগলির শ্রীরামপুরে যাত্রা শুরু করল ‘নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কার্যালয়’। মঙ্গলবার শ্রীরামপুরের মানিকতলায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই নতুন কার্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী সুনীল বনশল। এ ছাড়াও অনুষ্ঠানে অংশ নেন চাঁপদানির বিধায়ক শ্রী দিলীপ সিং, প্রতিমন্ত্রী শ্রীমতি সুমনা সরকার এবং সিঙ্গুরের বিধায়ক ড. অরূপ কুমার দাস সহ দলের একাধিক জেলা ও স্থানীয় স্তরের নেতৃবৃন্দ এবং কর্মীরা।
নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশপ্রেম ও নিঃস্বার্থ সেবার আদর্শকে পাথেয় করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই কার্যালয়টি গড়ে তোলা হয়েছে। উদ্বোধনী মঞ্চ থেকে বক্তারা জানান, এই সেবা কার্যালয়ের মূল উদ্দেশ্য হলো এলাকার সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনা এবং সার্বিক জনকল্যাণমূলক কাজের পরিধি আরও প্রসারিত করা। নতুন এই কার্যালয়টিকে কেন্দ্র করে দলীয় কর্মীদের মধ্যেও বিশেষ উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।




